বাবরি মসজিদ নির্মাণের নামে জালিয়াতি! ট্রাস্টের ভুয়ো QR কোড বানিয়ে লক্ষ লক্ষ টাকা তোলার অভিযোগ

প্রস্তাবিত বাবরি মসজিদ নির্মাণের জন্য অনুদান সংগ্রহের মাঝেই বড়সড় জালিয়াতির অভিযোগ সামনে এল। ৬ ডিসেম্বর, হুমায়ুন কবীর মসজিদ তৈরির ঘোষণা করার পর থেকেই ট্রাস্টের ব্যাংক অ্যাকাউন্টে অনুদান আসা শুরু হয়। হুমায়ুন কবীরের দাবি অনুযায়ী, শুক্রবার দুপুর ২টো পর্যন্ত ট্রাস্টের ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ৩ কোটি টাকা এবং নগদে প্রায় ১ কোটি টাকা অনুদান জমা পড়েছে। এরই মধ্যে অনুদান দেওয়ার জন্য ব্যবহৃত কিউআর (QR) কোড স্ক্যান করে প্রতারণার অভিযোগ উঠেছে।

ভুয়ো QR কোড বানিয়ে টাকা তোলার অভিযোগ:

অভিযোগ, ট্রাস্টের তথ্য নকল করে তিন অভিযুক্ত ভুয়ো কিউআর কোড তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করছিল। এই জালিয়াতির ঘটনায় ‘বাবরি মসজিদ’ ট্রাস্টের পক্ষ থেকে বহরমপুর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

হুমায়ুন কবীর বলেন, “আমাদের যে ট্রাস্ট, যে ট্রাস্টের পক্ষ থেকে বাবরি মসজিদ নির্মাণ করা হবে, সেই ট্রাস্টের নামেই তো মানুষ সরাসরি দান করছে অর্থ। কেউ কেউ বদমায়েশি করে, ওই এক নামে, ব্যাঙ্কে গিয়ে অ্যাকাউন্ট করে, QR ছেড়েছে, যে, এখানে টাকা দিন… এগুলো জালিয়াতি।”

মৌলবি বিতর্ক থেকে জালিয়াতি:

উল্লেখ্য, অনুদান সংগ্রহ শুরুর আগে থেকেই প্রস্তাবিত বাবরি মসজিদ নির্মাণ ঘিরে বেশ কিছু বিতর্ক তৈরি হয়েছিল। শিলান্যাস অনুষ্ঠানে দুই ব্যক্তিকে সৌদি আরব থেকে আসা মৌলবি বলে দাবি করা হলেও, পরে জানা যায় তারা স্থানীয় বাসিন্দা। তখন হুমায়ুন কবীর দাবি করেছিলেন, এটা তাঁর বিরুদ্ধে চক্রান্ত এবং সিদ্দিকুল্লা চৌধুরীর সংগঠনের থেকে চক্রান্ত করা হয়েছে। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার কিউআর কোড জালিয়াতির অভিযোগ উঠল, যা নির্মাণ প্রক্রিয়াকে ঘিরে অস্বস্তি আরও বাড়াল।