শিক্ষক নিয়োগে ফের সময় বাড়ানোর আবেদন! ৩১ ডিসেম্বরের ডেডলাইন পেরোতেই সুপ্রিম কোর্টে যাচ্ছে এসএসসি

২০১৬ সালের এসএসসি-এর ২৬ হাজারের প্যানেল দুর্নীতির অভিযোগে বাতিল করার পর, দেশের শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল যে চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সেই সময়সীমা আসন্ন হওয়ায় এবার সুপ্রিম কোর্টে আবেদনের পথে হাঁটছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। নবম-দশমে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করতে আরও ৩ মাস এবং একাদশ-দ্বাদশে নিয়োগের সময়সীমা আরও ১৫ দিন বৃদ্ধির আবেদন জানানো হবে।

সুপ্রিম কোর্টে যাচ্ছে এসএসসি, আশ্বস্ত করলেন শিক্ষামন্ত্রী:

রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি জানান, নতুন নিয়োগ প্রক্রিয়ার সময়সীমা বৃদ্ধির আবেদন জানানোর পাশাপাশি যোগ্য চাকরিহারাদের যাতে ৩১ ডিসেম্বরের পরও স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হয়, সেই আবেদনও সুপ্রিম কোর্টে করবে কমিশন। মন্ত্রী আরও আশ্বস্ত করেছেন যে, যে সমস্ত যোগ্য প্রার্থীরা শেষ পর্যন্ত নিয়োগ পাবেন না, সরকার সহানুভূতির সঙ্গে তাঁদের বিষয়টি বিবেচনা করে দেখবে।

ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ:

নির্ধারিত সময়ের মধ্যেই নতুন নিয়োগ প্রক্রিয়ার নবম-দশমে শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করল কমিশন। প্রায় ৩০ হাজার ২১২টি শূন্য পদের জন্য প্রায় ৪০ হাজার জনের তালিকা প্রকাশ করা হয়েছে। এরপর নথি যাচাই প্রক্রিয়া এবং তারপর ইন্টারভিউ নেওয়া হবে।

জানা গিয়েছে, ইন্টারভিউয়ে ডাক পাওয়া যোগ্যদের তালিকায় নাম রয়েছে চাকরিহারা যোগ্য শিক্ষকদের আন্দোলনের পরিচিত মুখ চিন্ময় মণ্ডলের। এর আগে একাদশ-দ্বাদশের পরীক্ষায় কাট অফ মার্কসের জন্য ইন্টারভিউয়ে ডাক পাননি তিনি। নবম-দশমের তালিকায় তাঁর নাম আসায় যোগ্য চাকরিহারাদের মধ্যে আশা সঞ্চার হয়েছে। তবে কতজন চাকরিহারা যোগ্য প্রার্থী ইন্টারভিউয়ে ডাক পেলেন বা পেলেন না, তা শনিবারের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে।