SIR আতঙ্কে প্রাণ গেল তৃণমূল কর্মীর? মালদহে তথ্যগত ত্রুটির জেরে হৃদরোগে মৃত্যুর অভিযোগ

রাজ্যের শাসকদল তৃণমূল প্রথম থেকেই ‘এসআইআর’ (Summary Revision)-এর কাজ নিয়ে ভোটারদের মৃত্যুর অভিযোগ তুলে সরব। এবার মালদহের কালিয়াচকে তৃণমূলের এক বুথ লেভেল এজেন্ট (বিএলএ-২)-এর মৃত্যুতে সেই ‘এসআইআর আতঙ্ক’-এরই অভিযোগ উঠল। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে তথ্যগত ত্রুটির জেরে চরম উদ্বেগ থেকে হৃদরোগে আক্রান্ত হয়ে বরকত শেখ (৩২) নামে ওই কর্মীর মৃত্যু হয়েছে বলে মৃতের পরিবারের দাবি।
ঘটনাটি কালিয়াচকের চকসেহেরদি গ্রামের। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সন্ধে ৭টা নাগাদ কালিয়াচক বিডিও অফিসের বাইরে তিনি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কেন আতঙ্কিত হলেন বরকত?
বৈষ্ণবনগর বিধানসভার বিধায়ক চন্দনা সরকার এই ঘটনায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি জানান, নির্বাচন কমিশনের ওয়েবসাইটে বরকত শেখের বাবার নাম ‘রশুল শেখ’-এর পরিবর্তে শুধু ‘শেখ’ লেখা ছিল। এই মারাত্মক তথ্যগত ত্রুটি দেখতে পেয়েই বরকত শেখ দ্রুত বিডিও অফিসে ছুটে যান সংশোধনের জন্য।
অভিযোগ উঠেছে, সেখানে গেলেও তাঁর নাম সংশোধন হবে কি না, বা তালিকায় তাঁর নাম উঠবে কি না, সেই বিষয়ে কোনও নিশ্চয়তা তাঁকে দেওয়া হয়নি। এই চূড়ান্ত অনিশ্চয়তা ও আতঙ্ক থেকেই তিনি বিডিও অফিসের বাইরে যেতেই হৃদরোগে আক্রান্ত হন।
বিডিও অফিস ও হাসপাতাল চত্বরে উত্তেজনা:
বরকত শেখের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই তৃণমূল কর্মীরা হাসপাতালে পৌঁছে যান। শোক ও ক্ষোভে হাসপাতাল চত্বর ও বিডিও অফিস এলাকায় চরম উত্তেজনা ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে সঙ্গে সঙ্গেই বৈষ্ণবনগর থানার আইসি-র নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে গিয়ে ভিড় নিয়ন্ত্রণ করে।
মৃতের পরিবারের স্পষ্ট অভিযোগ, নির্বাচন কমিশনের ওয়েবসাইটের তথ্যগত ত্রুটির কারণে সৃষ্টি হওয়া এসআইআর (SIR) আতঙ্কেই হৃদরোগে আক্রান্ত হয়ে বরকতের মৃত্যু হয়েছে। এর আগেও রাজ্যের বিভিন্ন প্রান্তে কাজের চাপে বিএলও-দের আত্মহত্যার অভিযোগ উঠেছিল। এই নতুন ঘটনায় স্বাভাবিকভাবেই কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।