প্যারিসের হতাশা ভুলে কামব্যাক, অবসর ভেঙে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সের জন্য ফিরলেন বিনেশ ফোগট

প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics) সুবর্ণ সুযোগ হাতছাড়া হওয়ার পর পেশাদার কুস্তি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তারকা কুস্তিগির বিনেশ ফোগট (Vinesh Phogat)। কিন্তু সেই অবসরের সিদ্ধান্ত ভেঙে এবার ফের ম্যাটে ফিরলেন তিনি। শুক্রবার নিজের সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতি দিয়ে বিনেশ ফোগট তাঁর কামব্যাকের কথা ঘোষণা করেন। মাত্র ১০০ গ্রাম ওজনের জন্য প্যারিসে তাঁর পদক হাতছাড়া হয়েছিল। তবে এবার লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে (Los Angeles Olympics 2028) পদক জিততে বদ্ধপরিকর বিনেশ।

সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট:

বিনেশ তাঁর পোস্টে লিখেছেন, “প্যারিসই শেষ কি না, তা লোকে বার বার জিজ্ঞাসা করেছে। দীর্ঘ দিন আমার কাছে কোনও উত্তর ছিল না। কুস্তির ম্যাট থেকে, এমনকি চাপ, প্রত্যাশা এবং উচ্চাশা থেকেও দূরে থাকা দরকার ছিল। কয়েক বছরের মধ্যে প্রথম বার নিজেকে শ্বাস নিতে দিলাম। আমার যাত্রাপথটাকে আরও এক বার তাকিয়ে দেখলাম। সাফল্য, হতাশা, আত্মত্যাগ—এমন জিনিস যা বিশ্ব কোনও দিন দেখেনি। পেছন ফিরে দেখতে গিয়ে আমি সত্যিটা খুঁজে পেলাম। এখনও খেলাটা ভালবাসি। এখনও লড়াইয়ে নামতে চাই। আমি উপলব্ধি করি, অবসর নিলেও আমার জীবনটা এখনও ম্যাটেই পড়ে আছে।”

এরপরই লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সকে পাখির চোখ করার কথা ঘোষণা করেন তিনি। বিনেশ আরও যোগ করেন, “আমি ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সের জন্য ফিরে এলাম। কিন্তু এ বারের যাত্রায় আমি একা নই। আমার সন্তানও আমার দলে যোগ দিয়েছে। আমাদের দলের কনিষ্ঠতম সদস্য হিসেবে। ও-ই আমার অনুপ্রেরণা। আমার শক্তি।”

৪ কোটি টাকা দিয়ে অ্যাকাডেমি গড়ার বদলে কুস্তি?

উল্লেখ্য, অলিম্পিক্স থেকে ফেরার পর হরিয়ানা সরকার বিনেশের জন্য রাজ্যের ক্রীড়ানীতি অনুযায়ী জমি, সরকারি চাকরি অথবা ৪ কোটি টাকা—এই তিনটের মধ্যে একটি বেছে নেওয়ার প্রস্তাব দেয়। বিনেশ ৪ কোটি টাকা বেছে নিয়ে সেই অর্থ দিয়ে বিশ্বমানের অ্যাকাডেমি গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছিলেন।

তবে সেই সময়ের ভাবনার কথা উল্লেখ করে বিনেশ নিজের সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, “যখন একজন প্লেয়ারের পরিশ্রম, কষ্ট কাজে দেয়, তখনই আসল পুরস্কার তা। আমার ওপর দেশবাসী বিশ্বাস করেছে… এবার মনে হয় তা ফিরিয়ে দেওয়ার পালা। আমি শুধু নিজেই স্বপ্ন দেখব এমনটা নয়। আরও আমার মত হাজার হাজার ক্রীড়াবিদ যাঁরা স্বপ্ন দেখতে চায়, স্বপ্নকে বাস্তবায়িত করতে চায়, তাঁদের পাশে দাঁড়াতে চাই আমি। হরিয়ানা সরকারের প্রতি আমি কৃতজ্ঞতা স্বীকার করতে চাই।”

কিন্তু বর্তমানে তাঁর জীবনে সন্তানের আগমন এবং খেলার প্রতি ভালবাসা অনুভব করে বিনেশ আবারও বিশ্ব মঞ্চে দেশের নাম উজ্জ্বল করার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।