“রোহিত ভাই বকা না দিলে অস্বস্তি হয়”- ‘গার্ডেনওয়ালা বান্দা’ যশস্বীর কথায় লুকিয়ে ‘দাদা’ শর্মার প্রতি অগাধ ভালোবাসা

ভারতের তারকা ওপেনার রোহিত শর্মার প্রতি তাঁর ‘গার্ডেনওয়ালা বান্দা’-দের ভক্তি যে কত গভীর, তার প্রমাণ আরও একবার মিলল যশস্বী জয়সওয়ালের কথায়। তরুণ তারকা যশস্বী সম্প্রতি এক সংবাদমাধ্যমকে জানান, দলের সিনিয়ার ক্রিকেটার তথা অধিনায়ক রোহিত যখন তাঁদের বকাবকি করেন না, তখনই নাকি তাঁরা চাপে পড়ে যান। তাঁদের মনে হয়, এমন কিছু বলে দেননি তো, যাতে ‘দাদা’ কষ্ট পেয়েছেন!

আজতকের একটি অনুষ্ঠানে যশস্বী বলেন, “যখন রোহিত ভাই আমাদের বকাবকি করে, তখন সেই বকুনির সঙ্গে আকুণ্ঠ ভালোবাসা এবং প্রশ্রয় মিলে থাকে। আসলে রোহিত ভাই যখন বকাবকি করে না, তখনই একটা অস্বস্তি হয় যে কী হল। (মনে হয় যে) রোহিত ভাই কেন বকাবকি করছে না, আমার কোনও কাজে রোহিত ভাইয়ের কি খারাপ লেগেছে?” তাঁর কাছে রোহিত কেবল তারকা ক্রিকেটার নন, তিনি যেন ঘরের ‘দাদা’।

যশস্বীর কাছে রোহিত শর্মা একপ্রকার অভিভাবক। মাঠে যেমন গাইড করেন, তেমনই ভুল হলে বকুনিও দেন। এমনকী রোহিতের কিছু বকুনি তো ভাইরাল হয়ে মিমে পরিণত হয়েছে। তবে তরুণ ক্রিকেটাররা এই বকুনিকে নেতিবাচকভাবে দেখেন না।

রোহিত এবং বিরাট কোহলির মতো সিনিয়ারদের উপস্থিতি দলের জন্য আশীর্বাদ, মানছেন যশস্বী। তিনি বলেন, “যখন ওরা (রোহিত শর্মা এবং বিরাট কোহলি) থাকে, তখন সেটা আমাদের জন্য খুব ভালো হয়। কারণ ওরা খেলা নিয়ে আলোচনা করে। ওরা নিজেদের অভিজ্ঞতা ভাগ করে দেয়। যে তীক্ষ্ণতার সঙ্গে ওরা ভারতের হয়ে খেলেছে এবং দেশকে জিতিয়েছে, তাতে ওরা আমাদের কাছে অনুপ্রেরণা।” যশস্বী জানান, দুই তারকা তাঁদের বলেন যে প্রথম জীবনে তাঁরা কী কী ভুল করতেন এবং সেই ভুলগুলি থেকে তরুণরা কীভাবে দূরে থাকতে পারবে।

সিনিয়রদের অনুপস্থিতি যে তিনি মিস করেন, সে কথা স্বীকার করে যশস্বী বলেন, “ওরা যখন থাকে না, তখন ওদের মিস করি। ওরা থাকলে অনেক বেশি বিন্দাস মুডে থাকি।” সম্প্রতি বিশাখাপত্তনমে একদিনের ম্যাচে খেলার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি বলেন, রোহিত তাঁকে শান্ত থাকার কথা বলেছিলেন এবং বিরাট ছোট-ছোট টার্গেট দিয়ে ম্যাচ বের করার পরামর্শ দিয়েছিলেন—সেই ম্যাচেই যশস্বী ওডিআইতে নিজের প্রথম শতরানটি করেন।