দেশের সেবায় নিবেদিত প্রাণ, ছুটি কাটাতে এসে পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু সিআরপিএফ জওয়ান সৈদুল মল্লিকের

ছুটিতে বাড়ি ফিরে আর ফেরা হলো না! মুর্শিদাবাদ জেলার কান্দিতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো সিআরপিএফ জওয়ান সৈদুল মল্লিকের (৩৫)। বর্তমানে মেঘালয়ে কর্মরত ছিলেন বড়ঞা থানার কাটনা গ্রামের বাসিন্দা এই জওয়ান।
পুলিশ সূত্রে খবর, গত মঙ্গলবার রাতে মোটরবাইকে করে বন্ধুর সঙ্গে দেখা করতে যাওয়ার সময় কান্দি-বহরমপুর রাজ্য সড়কের ওপর কান্দি থানার মনোহরপুর এলাকায় একটি সরকারি বাসের ধাক্কায় গুরুতর আহত হন তিনি।
ছুটি পেয়ে গত রবিবারই কাটনা গ্রামের বাড়িতে এসেছিলেন সৈদুল। মঙ্গলবার রাতে তিনি কান্দি থানার গোকর্ণ এলাকায় বন্ধুর বাড়ি যাচ্ছিলেন। পথেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। স্থানীয়রা গুরুতর আহত জওয়ানকে উদ্ধার করে দ্রুত কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
মৃত জওয়ানের পরিবারে রয়েছেন স্ত্রী, এক কন্যা সন্তান এবং বাবা-মা। তাঁর পরিবার জানিয়েছে, দেশের সেবায় নিয়োজিত সৈদুল ছুটি কাটাতে বাড়ি এসেছিলেন। এভাবে অপ্রত্যাশিত মৃত্যুতে গোটা পরিবার এবং কাটনা গ্রামে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের পর বুধবার তাঁর মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ বিকেলে গান স্যালুটের মাধ্যমে সহকর্মীকে শেষ শ্রদ্ধা জানানো হবে। কান্দি পুলিশ কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তার তদন্ত শুরু করেছে।