রেকর্ড গড়ল ফ্যালকন ৯ রকেট! লো আর্থ অর্বিটে প্রতিস্থাপিত হল ২৮টি স্যাটেলাইট, কী সুবিধা পাবে সাধারণ মানুষ?

বিশ্বজুড়ে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা উন্নত করার লক্ষ্যে মহাকাশে আরও ২৮টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে স্পেসএক্স (SpaceX)। ইউএস স্পেস ফোর্সের (US Space Force) উদ্যোগে পরিচালিত এই মিশনে স্যাটেলাইটগুলিকে লো আর্থ অর্বিটে (Low Earth Orbit বা LEO) প্রতিস্থাপন করা হয়েছে। উৎক্ষেপণের এক ঘণ্টার মধ্যেই স্যাটেলাইটগুলি নির্দিষ্ট কক্ষপথে পৌঁছে সঠিকভাবে কাজ শুরু করেছে বলে জানা গেছে।
রেকর্ড গড়ল ফ্যালকন ৯ রকেট
ভ্যান্ডেনবার্গ স্পেস ফোর্স বেস থেকে যাত্রা শুরু করেছিল স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেটটি। স্পেসএক্সের ওয়েবসাইট অনুসারে, রকেটের প্রথম অংশটি উৎক্ষেপণের মাত্র ৮.৫ মিনিট পরেই ভূপৃষ্ঠে ফিরে এসেছিল। এটি প্রশান্ত মহাসাগরের ‘অফ কোর্স আই স্টিল লাভ ইউ’ (Of Course I Still Love You) নামক ড্রোন শিপের মাধ্যমে সফলভাবে ল্যান্ড করে। এটি ছিল এই বুস্টারের চতুর্থ সফল যাত্রা।
এই নতুন ২৮টি স্যাটেলাইট যুক্ত হওয়ার ফলে মহাকাশে স্পেসএক্সের স্যাটেলাইটের মোট সংখ্যা এখন ৯,০০০-এরও বেশি।
স্যাটেলাইটগুলি কীভাবে কাজ করবে এবং কী সুবিধা হবে?
এই সমস্ত স্যাটেলাইট লো অর্বিট স্যাটেলাইট হওয়ায় পৃথিবীর খুব কাছাকাছি তাদের অবস্থান। এই অবস্থানগত সুবিধার কারণে ইন্টারনেট সিগন্যাল প্রদান করার পাশাপাশি আপলিঙ্ক ও ডাউনলিঙ্ক প্রক্রিয়াও হবে অতি দ্রুত।
মূল সুবিধা:
দুর্গম এলাকায় ইন্টারনেট: স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবার প্রধান সুবিধা হলো তারের সংযোগ ছাড়াই ইন্টারনেট ব্যবহার করা যায়। বিভিন্ন দুর্গম এলাকায়, যেখানে তারযুক্ত ব্রডব্যান্ড পরিষেবা বা মোবাইল নেটওয়ার্ক পৌঁছয় না, সেখানে ইন্টারনেট পরিষেবার একমাত্র উপায় হলো এই স্যাটেলাইট ইন্টারনেট।
পাহাড়ি এলাকা ও ভ্রমণ: যাঁরা মূলত পাহাড়ি এলাকায় থাকেন, তাঁদের জন্য এটি সবথেকে উপযুক্ত ব্যবস্থা। এছাড়াও, যাঁরা ঘন ঘন ভ্রমণ করেন এবং হাই স্পিড ইন্টারনেট পরিষেবা প্রয়োজন, তাঁদের জন্যও স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা অত্যন্ত কার্যকরী হবে।