বন্ধুর পরিচয়ে ভয়ঙ্কর প্রতারণা! মৃত ছেলের বাবাকেই ‘নিজের বাবা’ সাজিয়ে জাল ভোটার কার্ড, সবংয়ে যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ!

পশ্চিম মেদিনীপুরের সবংয়ে সামনে এসেছে এক চাঞ্চল্যকর জালিয়াতির ঘটনা। বন্ধুত্বের সুযোগ নিয়ে নিজের আসল পরিচয় গোপন করে মৃত বন্ধুর বাবাকেই ‘নিজের বাবা’ সাজিয়ে গুরুত্বপূর্ণ নথি জাল করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সবংয়ের খড়পাড়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত যুবক শেখ তাজুদ্দিন, যার বাড়ি কেশিয়াড়িতে, তার সঙ্গে সবংয়ের খড়পাড়ার বাসিন্দা সত্যচরণ সিংহের প্রয়াত ছেলের ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। সেই সূত্রে তাজুদ্দিনের সত্যচরণ বাবুর বাড়িতে অবাধ যাতায়াত ছিল এবং পরিবারের সদস্যরাও তাকে আত্মীয়ের মতোই দেখতেন। অভিযোগ, এই সুযোগকেই কাজে লাগিয়ে তাজুদ্দিন ‘বাবলু সিংহ’ নামে নতুন পরিচয় তৈরি করেন। খাতায়-কলমে মৃত বন্ধুর বাবাকেই নিজের বাবা দেখিয়ে নারায়ণগড়ের ঠিকানায় তৈরি করা হয়েছে ভোটার কার্ড ও প্যান কার্ডের মতো গুরুত্বপূর্ণ নথি।
তিন বছর আগে ছেলে প্রতাপ সিংহের মৃত্যু হয়েছে। সেই মৃত ছেলের বন্ধু সেজে তার বাবার নাম-পরিচয় ব্যবহার করে প্রতারণা করা হয়েছে জানতে পেরে হতভম্ব হয়ে পড়েন সত্যচরণ সিংহ। তিনি দ্রুত সবং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তবে অভিযুক্ত বাবলু সিংহ ওরফে শেখ তাজুদ্দিন সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, সত্যচরণ সিং তাঁকে দত্তক নিয়েছিলেন এবং পালিত পিতা হওয়ার কারণেই তিনি তাঁর নাম ব্যবহার করে নথি তৈরি করেছেন। তাঁর আরও অভিযোগ, তাঁকে টাকা চেয়ে ব্ল্যাকমেইল করা হচ্ছে এবং তিনি ‘তাজুদ্দিন’ নামে কাউকে চেনেন না।
এই ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠেছে—কী উদ্দেশ্যে পরিচয় বদলের এই ছক? এর নেপথ্যে কোনো বড় অপরাধচক্র সক্রিয় কিনা, তা খতিয়ে দেখা দরকার বলে দাবি করেছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য লক্ষ্মী সিট এবং বিজেপি নেতা অমিত মন্ডল। স্থানীয় নেতার দাবি, এই বাবলু সিংহ নারায়ণগড়ের স্থানীয় বাসিন্দা নন, তিনি জমি ব্যবসার সঙ্গে যুক্ত এবং বিভিন্ন স্থানে ঘুরে এখানে বসবাস শুরু করেছেন।