পেনশন থেকে শুরু করে ক্যান্সার কভার! সাধারণ মানুষের জন্য বিরাট চমক LIC-র

দেশের কোটি কোটি মানুষের আস্থার প্রতিক লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়া বা এলআইসি (LIC)। প্রতিযোগিতার বাজারে নিজেদের এগিয়ে রাখতে একের পর এক নতুন পলিসি নিয়ে আসছে এই সরকারি সংস্থা। এবার আগামী ১৯ অক্টোবর ২০২৬ একসঙ্গে তিনটি নতুন বিমা বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে এলআইসি। সম্প্রতি ১২ অক্টোবর সংস্থার তরফে এক ফাইলিংয়ে এই নতুন প্ল্যানগুলির কথা ঘোষণা করা হয়েছে।

আসন্ন ১৯ অক্টোবর থেকে চালু হতে চলা এই তিনটি নতুন পলিসির মধ্যে রয়েছে— ‘নিউ জীবন ধারা ২’ (প্ল্যান ৮৯২), ‘হেলথ শিল্ড’ (প্ল্যান ৯০৭) এবং ‘নিউ ক্যান্সার কভার’ (প্ল্যান ৯০৮)। বাজারের চাহিদার কথা মাথায় রেখে আনা এই তিনটি পলিসিতে কী কী বিশেষ সুবিধা মিলছে, তা দেখে নেওয়া যাক।

১. আজীবন পেনশন মিলবে ‘নিউ জীবন ধারা ২’-তে: অবসরের পর আর্থিক নিরাপত্তা এবং জীবনযাত্রার মান বজায় রাখা নিয়ে যাঁদের চিন্তা রয়েছে, তাঁদের জন্য এটি দারুণ সুযোগ। এটি একটি ডেফার্ড অ্যানুইটি প্ল্যান। এই পলিসির মেয়াদ শেষ হওয়ার পর থেকে গ্রাহকরা আজীবন নিয়মিত পেনশন পেয়ে যাবেন। নিজের পছন্দমতো পেনশনের পরিমাণ বেছে নিয়ে সেই অনুযায়ী প্রিমিয়াম জমা দিতে হবে। গ্রাহকরা চাইলে এককালীন টাকা (Single Premium) দিতে পারেন, কিংবা নিয়মিত প্রিমিয়াম দেওয়ার সুযোগও রয়েছে। এই প্ল্যানটি নেওয়ার জন্য ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর।

২. চিকিৎসার খরচ সামলাতে আসছে ‘হেলথ শিল্ড’: স্বাস্থ্যবিমার চাহিদা পূরণ করতে এলআইসি নিয়ে আসছে ‘হেলথ শিল্ড’। এটি মূলত একটি হেলথ পলিসি, যা হাসপাতালে ভর্তির সময় বড় অংকের আর্থিক সাহায্য প্রদান করবে। বিশেষ করে বড় কোনো সার্জারি বা গুরুতর অসুস্থতার চিকিৎসায় এই প্ল্যানটি দারুণ কাজে দেবে। এই পলিসির মেয়াদ এবং প্রিমিয়াম দেওয়ার সময়সীমা ১৫ বছর। ১৮ থেকে ৬৫ বছর বয়সিরা এই পলিসির আওতায় আসতে পারবেন। এছাড়া ৯০ দিন থেকে ২০ বছর বয়সিদেরও এই প্ল্যানে অন্তর্ভুক্ত করার সুযোগ রয়েছে।

৩. আর্থিক সুরক্ষা দিতে বিশেষ ‘ক্যান্সার কভার’: বর্তমান সময়ে মারণ রোগ ক্যান্সার নিয়ে মানুষের মনে নানা দুশ্চিন্তা রয়েছে। সেই কথা মাথায় রেখেই বিশেষ ‘নিউ ক্যান্সার কভার’ প্ল্যান আনছে এলআইসি। এই পলিসির অধীনে ক্যান্সার ধরা পড়লে বিমার ২৫ শতাংশ এবং রোগ আরও উন্নত পর্যায়ে পৌঁছালে ১০০ শতাংশ অর্থ আর্থিক সহায়তা হিসেবে পাওয়া যাবে। ১৮ থেকে ৬৫ বছর বয়সিরা এই প্ল্যানের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। বয়সের ওপর ভিত্তি করে এই বিমার ন্যূনতম কভার ১৫ লক্ষ থেকে ৩৫ লক্ষ টাকা পর্যন্ত রাখা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, সময়ের সঙ্গে তাল মিলিয়ে এলআইসির এই নতুন উদ্যোগ গ্রাহকদের আর্থিক সুরক্ষাকে আরও সুদৃঢ় করবে। ১৯ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে এই পলগুলি চালু হওয়ার পর সাধারণ মানুষ এগুলি থেকে সরাসরি উপকৃত হতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *