খুন নাকি আত্মহত্যা? পৈতৃক ভিটেয় একুশ বছরের সৌম্যদিত্যর রহস্যমৃত্যু, মৃতের ঘর থেকে উদ্ধার ‘LOST’ লেখা ট্যাব, ধোঁয়াশায় পরিবার!

সাত-সকালে গিরিশপার্ক এলাকা থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। মেট্রো স্টেশনের ৩ নম্বর গেটের পাশে একটি পরিত্যক্ত বাড়ি থেকে ২১ বছর বয়সি সৌম্যদিত্য কুণ্ডু নামে ওই যুবকের দেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় রহস্য দানা বেঁধেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যে বাড়ি থেকে সৌম্যদিত্যর দেহ উদ্ধার হয়েছে, সেটি তাঁদের পৈতৃক ভিটে। সেখানে তাঁর মাঝে মধ্যেই যাতায়াত ছিল। পরিবার সূত্রে খবর, বুধবার বিকেল চারটে নাগাদ সৌম্যদিত্য বাড়ি থেকে বেরিয়ে যান। অনেক সময় পেরিয়ে গেলেও তিনি ঘরে না ফেরায় তাঁর খোঁজ শুরু করেন পরিবারের সদস্যরা।
বৃহস্পতিবার সকালে পরিত্যক্ত ওই বাড়িটিতে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পাওয়া যায়। এরপরই পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনাটি খুন নাকি আত্মহত্যা, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
এই ঘটনার পর মৃতের ঘর থেকে একটি ট্যাব উদ্ধার করেছে পুলিশ, যেখানে বড় করে লেখা ছিল ‘LOST’। এই ‘LOST’ শব্দটি কীসের ইঙ্গিত বহন করছে, তা নিয়ে রহস্য বাড়ছে। পুলিশ বর্তমানে ঘটনার তদন্ত করছে এবং খতিয়ে দেখছে যে এই ঘটনার পিছনে অন্য কারও যোগ রয়েছে কিনা। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে গিরিশপার্ক থানার পুলিশ।