অ্যাশেজে পিঙ্ক বল ‘অপ্রয়োজনীয়’! জো রুটের মন্তব্যে বিতর্ক, পাল্টা জবাব দিলেন অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড!

ঐতিহ্যবাহী টেস্ট ক্রিকেটের সঙ্গে গোলাপি বলের ম্যাচের কোনো সম্পর্ক নেই— অ্যাশেজ সিরিজের দ্বিতীয় তথা পিঙ্ক বল টেস্টের আগে এমনই মন্তব্য করে বিতর্ক উসকে দিয়েছেন ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট (Joe Root)। রুট যখন অ্যাশেজে পিঙ্ক বলের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুললেন, তখন তার জবাব দিলেন প্রথম টেস্টের নায়ক অস্ট্রেলিয়ান ব্যাটার ট্র্যাভিস হেড (Travis Head)।

পিঙ্ক বল নিয়ে জো রুটের মন্তব্য

সোমবার গাব্বায় অনুশীলন শুরুর আগে এক সাক্ষাৎকারে প্রাক্তন ইংরেজ অধিনায়ক জো রুট বলেন:

“আমার মনে হয় না অ্যাশেজে পিঙ্ক বল টেস্টের প্রয়োজন আছে বলে। একেবারেই প্রয়োজন পড়ে না। টেস্ট ক্রিকেটের ঐতিহ্যের সঙ্গে এটা যায় বলে মনে হয় না।”

যদিও তিনি স্বীকার করেছেন যে সূচিতে যখন ম্যাচটি রয়েছে, তখন খেলতেই হবে। তিনি বলেন, “আমাদের প্রমাণ করতে হবে যে আমরা পিঙ্ক বলে ওদের চেয়ে ভালো। তবে নিঃসন্দেহে অস্ট্রেলিয়ায় এর (পিঙ্ক বলে) গুরুত্ব অনেক। এখানকার অনুরাগীরা ভীষণ উপভোগ করে এটা।”

ট্র্যাভিস হেডের জবাব

ঐতিহ্যের অ্যাশেজে পিঙ্ক বল টেস্টের গুরুত্বকে রুট হালকা করার চেষ্টা করলে তা ভালোভাবে নেননি ট্র্যাভিস হেড। পারথ টেস্টে বিস্ফোরক শতরান করা হেড রুটের উদ্দেশে পাল্টা বলেন:

“আমরা গোলাপি বল টেস্টকে আলিঙ্গন করেছি। গোলাপি বলে আমরা ভালো খেলে আসছি। আমরা এই বলে ভালো ফলাফল করতে সক্ষম। আসলে গোলাপি বল, সাদা বল, লাল বল—এসব কোনো ব্যাপারই না।”

অজিভূমে দিন-রাতের টেস্টের জনপ্রিয়তা

অস্ট্রেলিয়ায় দিন-রাতের টেস্টের জনপ্রিয়তা নিয়ে বলতে গিয়ে হেড বলেন, “পিঙ্ক বল ঘিরে এখানে আলাদাই উন্মাদনা। ফের এই ম্যাচে প্রচুর দর্শক মাঠে ভরাতে চলেছেন। তাই এই ম্যাচটা খেলতে মুখিয়ে রয়েছি।”

তিনি আরও যোগ করেন, “যেখানে জিতলে তোমার মনে হবে এটা দারুণ ম্যাচ আর হারলে সম্ভবত উল্টোটা। দুটো দলের এ নিয়ে ভিন্ন ধারণা থাকলেও বিষয়টা একই।” সব মিলিয়ে অ্যাশেজে পিঙ্ক বল টেস্টের যৌক্তিকতা নিয়ে জো রুটের প্রশ্ন এবং হেডের তার জবাব গাব্বা টেস্টের উত্তেজনা কয়েক গুণ বাড়িয়ে দিল।

হেড ওপেন করতে পারেন গাব্বায়

এদিকে, প্রথম টেস্টে ৮৩ বলে ১২৩ রান করে দলকে জেতানো ট্র্যাভিস হেড গাব্বায় দিন-রাতের টেস্টে ওপেন করতে পারেন। ওপেনার উসমান খোয়াজার ফিটনেস সংশয় থাকায়, জ্যাক ওয়েদারাল্ডের সঙ্গে দ্বিতীয় টেস্টে ইনিংসের গোড়াপত্তন করতে পারেন বাঁ-হাতি হেড। সে ক্ষেত্রে একাদশে অলরাউন্ডার বিউ ওয়েবস্টার অথবা জোশ ইংলিসের মধ্যে একজনকে বেছে নেবে ম্যানেজমেন্ট। পারথে ১-০ লিড নেওয়া অস্ট্রেলিয়া অবশ্য দ্বিতীয় টেস্টের জন্য তাদের ১৪ জনের স্কোয়াড অপরিবর্তিত রেখেছে।