HDFC Bank-কে বড় ধাক্কা! কেন দেশের অন্যতম সেরা বেসরকারি ব্যাঙ্ককে ৯১ লাখ টাকা জরিমানা করল রিজার্ভ ব্যাঙ্ক?

দেশের অন্যতম বৃহৎ বেসরকারি ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ককে (HDFC Bank) বড় অঙ্কের জরিমানা করল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট সহ একাধিক নির্দেশিকা লঙ্ঘনের অভিযোগে এই ব্যাঙ্ককে ₹৯১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কের স্ট্যাটুয়েটরি ইন্সপেকশন বা বিধিবদ্ধ পরিদর্শনের পর এই শাস্তির নির্দেশিকা জারি করা হয়েছে।
কেন এই কঠোর পদক্ষেপ?
জানা গিয়েছে, প্রথমসারির এই ব্যাঙ্ক একাধিক গুরুতর নিয়ম লঙ্ঘন করেছে:
সুদের হারের নিয়মে ভঙ্গ: একই ক্যাটাগরির লোন দেওয়ার ক্ষেত্রে এইচডিএফসি ব্যাঙ্ক একাধিক বেঞ্চমার্ক বা মাপকাঠি ব্যবহার করেছে, যা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের সুদের হার ধার্য করেছে। এই বিষয়টি রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকার পরিপন্থী।
সাবসিডিয়ারি সংস্থার অননুমোদিত ব্যবসা: ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্টের ৬ নম্বর ধারা অনুযায়ী, ব্যাঙ্কের সাবসিডিয়ারি সংস্থা কোন ব্যবসায় যুক্ত থাকতে পারবে, তার স্পষ্ট নির্দেশিকা রয়েছে। কিন্তু এইচডিএফসি ব্যাঙ্কের একটি সাবসিডিয়ারি সংস্থা অ-অনুমোদিত একটি ব্যবসার সঙ্গে যুক্ত ছিল।
KYC-তে গাফিলতি: গ্রাহকদের কেওয়াইসি (KYC) আপডেটের মতো গুরুত্বপূর্ণ কাজ থার্ড পার্টি এজেন্টের হাতে তুলে দেওয়া হয়েছিল, যা আর্থিক পরিষেবা সংক্রান্ত নির্দেশিকার স্পষ্ট লঙ্ঘন।
ব্যাঙ্কের শেষ অর্থবর্ষের আর্থিক পরিস্থিতি খতিয়ে দেখার পরই এই জরিমানার নির্দেশ দিয়েছে আরবিআই। কেন্দ্রীয় ব্যাঙ্ক স্পষ্ট করে জানিয়েছে, এই জরিমানা শুধুমাত্র ব্যাঙ্কের নিয়ন্ত্রক ত্রুটির ওপর ভিত্তি করে করা হয়েছে এবং গ্রাহক পরিষেবার ওপর এর কোনো প্রভাব পড়বে না। রিজার্ভ ব্যাঙ্কের এই কঠোর মনোভাবে স্পষ্ট যে, তারা আগামীতে কোনো অনৈতিকতার সঙ্গে আপোস করবে না।