মৃত ভোটারের ফর্মে বাংলাদেশি যুবকের নাম তোলার চেষ্টা, ডানকুনিতে উত্তেজনা, পুলিশের হাতে গ্রেফতার অভিযুক্ত নাদিম

ভোটার তালিকা সংশোধনের (SIR) প্রক্রিয়া চলাকালীন এক চাঞ্চল্যকর ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়াল হুগলি জেলার ডানকুনি পৌরসভার ২০ নং ওয়ার্ডের মাথুরডাঙি এলাকায়। অভিযোগ, এক বাংলাদেশি যুবক মৃত ব্যক্তির এনুমারেশন ফর্ম (গণনা ফর্ম) ব্যবহার করে ভোটার লিস্টে নিজের নাম তোলার চেষ্টা করছিল।
জানা গেছে, ২০১৫ সালে মহসিন খান নামে এক ব্যক্তি মারা যান। সেই মহসিন খানের নামেই গণনা ফর্মটি ফিলাপ করে জমা দেয় নাদিম নামে এক বাংলাদেশি যুবক।
ঘটনা জানাজানি হতেই শোরগোল
মৃত মহসিন খানের দাদা মাইদুল খান জানতে পারেন যে, তাঁর মৃত ভাইয়ের গণনা ফর্ম ফিলাপ করে জমা দিয়েছে বাংলাদেশি যুবক নাদিম এবং আশ্চর্যজনকভাবে নির্বাচন কমিশন তা গ্রাহ্যও করেছে। এই ঘটনা জানাজানি হতেই এলাকায় তীব্র শোরগোল পড়ে যায়।
অভিযুক্ত বাংলাদেশি যুবক নাদিমের দাবি, সে প্রায় ১৫ বছর ধরে ডানকুনিতে বসবাস করছে। সে জানায়, চার হাজার টাকার বিনিময়ে সে এখানে ভোটার কার্ড তৈরি করে এবং বর্তমানে এসআইআর প্রক্রিয়া চলার সময় টাকার বিনিময়ে মৃত মহসিনের গণনা ফর্ম জোগাড় করে। এরপর সেই ফর্মে নিজের ছবি লাগিয়ে জমাও দিয়েছে।
পুলিশের হাতে গ্রেফতার নাদিম
ঘটনা জানাজানি হতেই বুধবার রাতে ব্যাপক উত্তেজনা ছড়ায় মাথুরডাঙি এলাকায়। এলাকার বাসিন্দারা, বিশেষত মৃত মহসিন খানের আত্মীয় ও প্রতিবেশীরা অভিযুক্ত বাংলাদেশি যুবক নাদিমকে আটকে রাখেন। এরপর ডানকুনি থানায় খবর দেওয়া হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
পুলিশ এসে নাদিমকে আটক করে থানায় নিয়ে যায়। কিভাবে অন্য এক মৃত ব্যক্তির ভোটার কার্ড ব্যবহার করে SIR তালিকায় নাম তোলার পরিকল্পনা করেছে সে, এর সঙ্গে কারা জড়িত—তা জানার চেষ্টা চালাচ্ছে ডানকুনি থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, নথি জালিয়াতির অভিযোগে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে।