SIR-এর আবহে বড় নির্দেশিকা! ৫-১৫ বছরের শিশুদের আধার কার্ড বাধ্যতামূলক, ডাক বিভাগকে দিয়ে শুরু হল বিনামূল্যে তৈরির কাজ

পশ্চিমবঙ্গ-সহ দেশের ৯টি রাজ্য ও ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলে যখন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন (SIR) চলছে, ঠিক সেই আবহে কেন্দ্রীয় সরকার ৫ থেকে ১৫ বছর বয়সী সকল শিশুর জন্য আধার কার্ড বাধ্যতামূলক করে নতুন নির্দেশিকা জারি করেছে। এই নির্দেশিকার ভিত্তিতে, ভারতীয় ডাক বিভাগের মাধ্যমে বিনামূল্যে নতুন আধার কার্ড তৈরি এবং সংশোধনের প্রক্রিয়া শুরু হয়েছে।

এই প্রক্রিয়ার অংশ হিসেবে, বুধবার বীরভূম জেলা ডাক বিভাগ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের সূচনা করেছে। UIDAI (আধার কর্তৃপক্ষ) এই কাজের দায়িত্ব দিয়েছে পোস্ট অফিসগুলিকে। বীরভূম জেলা ডাক বিভাগের পক্ষ থেকে মোট ২৩টি আধার সেন্টার খোলা হয়েছে, যেখানে অভিভাবকরা তাদের বাচ্চাদের নতুন আধার কার্ড তৈরি করাতে পারবেন। গত ১৪ নভেম্বর থেকে শুরু হওয়া এই প্রক্রিয়া আগামী এক বছর অর্থাৎ, ২০২৬ সালের ১৪ নভেম্বর পর্যন্ত চলবে।

বীরভূম জেলা ডাক বিভাগের সুপারিন্টেন্ডেন্ট সৌম্য চট্টোপাধ্যায় বুধবার সাংবাদিক বৈঠকে এই বিষয়ে বিস্তারিত জানান। তিনি বলেন, ৫ থেকে ১৫ বছর বয়সী শিশুদের আধার কার্ড তৈরির প্রক্রিয়াটি সহজ ও দ্রুত করার জন্য স্কুলগুলির সাহায্য চাওয়া হয়েছে। তিনি বলেন, “আমরা প্রয়োজনে স্কুলগুলিকে অনুরোধ করব এগিয়ে আসার জন্য। তারা যদি জায়গা দিতে পারে, তাহলে আমাদের ডাক বিভাগ থেকে স্কুলেই আধার কার্ড তৈরির জন্য ক্যাম্প করা হবে। ফলে এক জায়গায় অনেক বাচ্চার একসঙ্গে নতুন আধার কার্ড তৈরি করা সম্ভব হবে।” তবে, ইচ্ছুক স্কুল কর্তৃপক্ষকে এই সুবিধা পেতে জেলা ডাক বিভাগকে চিঠি লিখে আবেদন করতে হবে।

সৌম্য চট্টোপাধ্যায় এদিন স্পষ্ট করে দেন, “নতুন আধার কার্ড তৈরির ক্ষেত্রে কোনও টাকা আগেও লাগত না, এখনও লাগছে না। আমাদের ২৩টি আধার সেন্টারেও নতুন আধার কার্ড তৈরি করতে কোনও টাকা লাগবে না। সেটা কেবলমাত্র সংশোধনের ক্ষেত্রেই প্রয়োজন হয়।” তিনি জানান, বীরভূম জেলার প্রত্যন্ত গ্রামের মানুষের কাছেও এই খবর পৌঁছে দিতে ব্যাপক প্রচার চালানো হচ্ছে।