নবান্নের বড় উদ্যোগ, সুন্দরবনের উন্নয়নে ১২ দফতরের সমন্বয়ে তৈরি ৪১০০ কোটির ‘রুপরেখা’!

সুন্দরবনের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বিশাল এক প্রকল্প হাতে নিতে চলেছে নবান্ন। বিশ্ব ব্যাঙ্কের (World Bank) সাহায্যে প্রায় ৪ হাজার ১০০ কোটি টাকার এই মেগা-প্রকল্পের রূপরেখা তৈরি করতে সেচ দফতর সহ মোট ১২টি দফতরকে নিয়ে গঠিত হয়েছে এক বিশেষ সমন্বয় কমিটি। মৎস্য, কৃষি, সুন্দরবন উন্নয়ন দফতর সহ সমস্ত গুরুত্বপূর্ণ দফতর এই কাজে একসঙ্গে যোগ দেবে।
এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো সুন্দরবন অঞ্চলের মজে যাওয়া নদী ও খালগুলির দ্রুত সংস্কার করা। একইসঙ্গে সুন্দরবনের মোট উনিশটি দ্বীপের অসংখ্য মানুষের জীবন-জীবিকার মান উন্নয়ন সুনিশ্চিত করা হবে। নবান্নের আধিকারিকদের আশা, এই সুবিশাল অঙ্কের সাহায্যে সুন্দরবনের সার্বিক উন্নতি সম্ভব হবে।
ইতিমধ্যে, প্রকল্পের সমস্ত রিপোর্ট কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়েছে। যদিও এখনও পর্যন্ত কেন্দ্র থেকে চূড়ান্ত ‘গ্রিন সিগন্যাল’ আসেনি, তবুও রাজ্য প্রশাসন আশাবাদী—খুব দ্রুত ঋণের অনুমোদন মিলবে এবং কাজ শুরু করা যাবে। সবকিছু ঠিকঠাক চললে, ২০২৬ সালের দুর্গাপূজার আগেই এই প্রকল্পের কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই প্রস্তুতি খতিয়ে দেখতেই মঙ্গলবার সেচ সহ ১২টি দফতরের আধিকারিকদের নিয়ে একটি জরুরি সমন্বয় বৈঠক আয়োজিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী মানস ভুঁইয়া, বঙ্কিম হাজরা, সাংসদ প্রতিমা মণ্ডলের পাশাপাশি উচ্চপদস্থ সরকারি আধিকারিকরা।