পুরনো আসবাবেই পূরণ হচ্ছে নতুন স্বপ্ন! মালদহের এই বাজারে ভিড় করছে জেলার মানুষ, কম দামে মিলছে টেকসই জিনিস!

আধুনিক প্রযুক্তির সৌজন্যে যখন নিত্যনতুন নকশা ও উপকরণে তৈরি হচ্ছে আসবাব সামগ্রী, তখন মালদহের ইংরেজবাজার ব্লকের মিল্কী হাটখোলা বাজারে দেখা গেল এক ভিন্ন চিত্র। এই বাজারে নতুন নয়, বরং বাড়ির সমস্ত রকম আসবাব সামগ্রী বিক্রি হচ্ছে পুরনো রূপে। এই পুরনো সামগ্রীর চাহিদা মেটাতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন ছুটে আসছেন বহু মানুষজন।

মিল্কী হাটখোলা বাজারে প্রায় ১৮টি দোকানে বাড়ির প্রয়োজনীয় পুরনো আসবাব সামগ্রী— যেমন দরজা, জানালা, খাট, আলমারি, চেয়ার, টেবিল— বিক্রি হয়। কিছু সামগ্রী সম্পূর্ণ পুরনো অবস্থাতেই থাকে, আবার কিছু মেরামত বা সামান্য পরিবর্তন করে বিক্রি করা হয়।

এক বিক্রেতা মুজিবর রহমান জানান, “শহরের বিভিন্ন বাড়ি এবং বহুতল ভেঙে ফেলার পর সেখান থেকে পুরনো আসবাবপত্র সংগ্রহ করে আমরা এখানে নিয়ে এসে মেরামত করি। আজও অনেক মানুষের নতুন আসবাবপত্র কেনার আর্থিক সামর্থ্য নেই। তাই তাঁরা এখানে এসে কম দামে টেকসই আসবাবপত্র কেনেন। অনেকে আবার শখ করে পুরনো দিনের জিনিস সংগ্রহ করতেও আসেন। এই পুরনো সামগ্রীগুলো সাধারণত নতুন আসবাবের তুলনায় অনেক বেশি টেকসই হয় এবং দামও অনেকটাই কম থাকে।”

বর্তমান আধুনিকতার যুগে জাঁকালো নামিদামি সামগ্রীর ব্যবহার বাড়লেও, আজও অনেকের কাছে আর্থিক সাশ্রয় একটি বড় বিষয়। সেই জায়গায় দাঁড়িয়ে মালদহের এই গ্রামের পুরনো আসবাব সামগ্রীর বাজার একদিকে যেমন বহু মধ্যবিত্ত পরিবারের আসবাবের চাহিদা পূরণ করছে, তেমনি পুরনো টেকসই আসবাব ব্যবহারের প্রতি মানুষের আগ্রহ ধরে রেখেছে।