জন্মদিনের বিতর্কের মাঝেই মালাইকা অরোরার জীবনের সবচেয়ে বড় রহস্য ফাঁস! সৎ বাবার সঙ্গে বয়সের ফারাক মাত্র ১২ বছর?

বলিউডের ফিটনেস কুইন মালাইকা অরোরার আসল বয়স নিয়ে যখন জল্পনা তুঙ্গে (উইকিপিডিয়া মতে ৫২, আর সদ্য ৫০তম জন্মদিন পালন করেছেন তিনি), ঠিক তখনই তাঁর পরিবারের এক অন্যরকম গল্প সামনে এসেছে, যা সবাইকে অবাক করবে। জানা গেছে, মালাইকার বাবা অনিল মেহতার সঙ্গে তাঁর বয়সের ফারাক ছিল মাত্র ১২ বছরের।

এই সহজ অঙ্কের নেপথ্যে রয়েছে মালাইকার জীবনের এক কঠিন অধ্যায়। মালাইকার যখন মাত্র ১১ বছর বয়স, তখন তাঁর মা জয়েস পলিক্র্যাপের সঙ্গে প্রথম স্বামী অনিল অরোরার (যিনি নৌবাহিনীতে কাজ করতেন) বিচ্ছেদ হয়। তখন মালাইকার বোন অমৃতা অরোরার বয়স ছিল মাত্র ছয় বছর।

বাবা-মার বিচ্ছেদের পর মানসিক ভাবে বিধ্বস্ত মালাইকা ও তাঁর বোনের জীবনে আগমন ঘটে অনিল মেহতার। মালয়ালি খ্রিষ্টান জয়েসকে বিয়ে করেন অনিল মেহতা। তিনি কেবল জয়েসকে বিয়ে করেননি, প্রথম পক্ষের দুই ছোট মেয়ের দায়িত্বও নিজের কাঁধে তুলে নেন। এরপর বান্দ্রার বাড়িকে বিদায় জানিয়ে মালাইকা ও তাঁর বোন চেম্বুরে ‘নতুন বাবা’র সঙ্গে থাকতে শুরু করেন। বয়সের ফারাক কম হওয়া সত্ত্বেও অনিল মেহতার সঙ্গে মালাইকার গড়ে ওঠে এক গভীর ও স্নেহের বন্ধন।

২০২৪ সালে আচমকাই প্রয়াত হন অনিল মেহতা। পুনেতে থাকা মালাইকা সে সময় সৎ বাবাকে নিয়ে এক হৃদয়বিদারক পোস্ট করেছিলেন। যদিও তাঁর মৃত্যুর কারণ আজও রহস্যে ঢাকা। সে সময় খবর রটেছিল যে, ছয় তলা থেকে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে এবং তিনি আত্মহত্যা করেছেন। তবে কারণ সামনে না এলেও মালাইকা স্পষ্ট জানিয়েছিলেন, তাঁর বেড়ে ওঠার নেপথ্যে এই মানুষটির ভূমিকা ঠিক কতটা ছিল।