প্রথমবার নীরবতা ভাঙলেন সোহিনী! অনির্বাণের সঙ্গে সম্পর্কের গুঞ্জন সত্যি ছিল? অকপট স্বীকারোক্তি নায়িকার

টলিউডের দুই জনপ্রিয় মুখ, অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য এবং অভিনেত্রী সোহিনী সরকার—তাঁদের পর্দায় রসায়ন যেমন মুগ্ধতা ছড়িয়েছে, তেমনি বাস্তব জীবনের সম্পর্ক নিয়েও একসময় গুঞ্জন ছিল তুঙ্গে। ‘ব্যোমকেশ’ অনির্বাণ এবং ‘সত্যবতী’ সোহিনীর বুদ্ধিদীপ্ত জুটি দর্শকদের মনে আজও তাজা। অবশেষে এত বছর পর সেই পুরোনো জল্পনা নিয়ে নীরবতা ভাঙলেন সোহিনী।
২০১৯ সালের দিকে টলিপাড়ায় কান পাতলে শোনা যেত— পর্দার বাইরেও নাকি একে অপরের ঘনিষ্ঠ এই দুই তারকা। যদিও সেই সময় দু’জনের কেউই সম্পর্কের কথা স্বীকার করেননি। অনির্বাণ বরাবরই সোহিনীকে ‘খুব ভালো বন্ধু’ বলে উল্লেখ করেছেন, আর সোহিনী ছিলেন নিশ্চুপ। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই গোপন সম্পর্কের কথা প্রথমবার প্রকাশ্যে আনলেন সোহিনী নিজেই।
সোহিনী স্পষ্ট ভাষায় বলেন, ‘ঘনিষ্ঠ নয়, একটা সময় আমাদের সম্পর্কও ছিল।’ তাঁর এই স্বীকারোক্তি বহু বছরের পুরোনো জল্পনার মানচিত্র মুহূর্তে পাল্টে দিল।
বর্তমানে অনির্বাণ ভট্টাচার্য ফেডারেশন ও পরিচালকদের দ্বন্দ্বের জেরে নতুন কাজ থেকে বঞ্চিত বলে যে বিতর্ক চলছে, সে প্রসঙ্গেও মুখ খুলেছেন সোহিনী। সহকর্মী হিসেবে, বা প্রাক্তন হিসেবে নয়— একজন মানুষ হিসেবে অনির্বাণের পাশে দাঁড়িয়েছেন তিনি। সোহিনী বলেন, ‘এটা হওয়া উচিত ছিল না। কাজের মানুষ কেন কাজ থেকে বাদ পড়বে? এটা অন্যায়।’
এরপরই খানিকটা থেমে তিনি যোগ করেন, ‘আমার অনেক কিছু বলা উচিত, আবার অনেক কিছু বলা যাবে না। প্রত্যেকে নিজেদের মতো করে লড়াই করছে। আমি আমার মতো লড়ছি, নিজের সমস্যাগুলোই সামলাতে পারছি না। ও ওর মতো লড়ছে… টেকনিশিয়ান দাদা-দিদিরাও আমার খুব কাছের। আমরা সবাই চাই ইন্ডাস্ট্রি উন্নতি করুক, এটাই সোজা কথা।’
বর্তমানে অনির্বাণ ভট্টাচার্য মাইম শিল্পী মধুরিমা গোস্বামীর সঙ্গে দাম্পত্য জীবন কাটাচ্ছেন। ২০২০ সালের নভেম্বরে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। অন্যদিকে, সোহিনী সরকারও জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে এসেছেন। অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক ভেঙেছিল ২০২৩-এর শুরুতে। এরপর সঙ্গীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে নতুন অধ্যায় শুরু করেন এবং ২০২৪ সালের ১৫ জুলাই তাঁরা বিয়ে করেন। বর্তমানে সোহিনী ও শোভনের দাম্পত্য স্থির ও সুন্দর।