ছট পুজোর আনন্দ ফিকে! পুরুলিয়ায় ফলের বাজারে আগুন, মধ্যবিত্তের মাথায় হাত

জেলাজুড়ে ছট পুজো ঘিরে এখন উৎসবের সাজ। জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি রঘুনাথপুর ও আদ্রা শহরের বাজারগুলিতেও পুজোর প্রয়োজনীয় সামগ্রী কিনতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। অবাঙালি সম্প্রদায়ের মানুষজন ভোর থেকে রাত পর্যন্ত ফল, আখ ও পুজোর উপকরণ সংগ্রহ করতে ছুটছেন। তবে এই আনন্দের মধ্যেও মধ্যবিত্ত ক্রেতাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে ফলের চড়া দাম।
ছট পুজোর অপরিহার্য ফলগুলির দাম এখন আকাশছোঁয়া। আখ, কলা, আনারস, লেবু এবং নারকেলের মতো গুরুত্বপূর্ণ ফলগুলি কিনতে গিয়ে পকেট খালি হচ্ছে সাধারণ মানুষের।
ফল কিনতে আসা ক্রেতাদের অভিজ্ঞতা, “প্রতি বছরই ছট পুজোর আগে ফলের দাম কিছুটা বাড়ে, কিন্তু এবার তা অস্বাভাবিক বেশি। হাত দিলেই যেন ছ্যাঁকা লাগছে। তবুও উৎসবের আবেগেই কেউ পিছিয়ে থাকতে চান না। তাই দাম যাই হোক, সকলে ভোর থেকে বাজারে ছুটছেন পুজোর সামগ্রী সংগ্রহ করতে।”
অন্যদিকে, ফল বিক্রেতারা এই মূল্যবৃদ্ধির কারণ হিসেবে বলছেন, পরিবহণ খরচ বেড়ে যাওয়া এবং বাজারের ফলের জোগান কম থাকাতেই দাম বৃদ্ধি পেয়েছে। তবে বিক্রেতাদের দাবি, দাম যতই বাড়ুক, উৎসবের আমেজে তার কোনো প্রভাব পড়েনি। ভক্তি ও আনন্দের সঙ্গে মানুষজন ফল ও পুজোর উপকরণ কিনতে বাজারে ভিড় করছেন। পুরুলিয়ার প্রতিটি হাট-বাজারে এখন একটাই ছবি— হাতে ফলের ঝুড়ি আর মুখে ছট পুজোর গান।