ভোটের আগে নজিরবিহীন বদলি: এক লহমায় ১৭ IAS, সরানো হলো ১০ জেলার জেলাশাসককে! উদ্দেশ্য কী?

জাতীয় নির্বাচন কমিশনের সম্ভাব্য বৈঠকের ঠিক আগেই রাজ্য প্রশাসনে নজিরবিহীন রদবদল। সোমবার এক ধাক্কায় রাজ্যের ১৭ জন ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস (IAS) অফিসারকে বদলি করল নবান্ন। এই বদলি হওয়া আধিকারিকদের মধ্যে রয়েছেন ১০টি জেলার জেলাশাসক (DM)। একইসঙ্গে এসডিও, ওএসডি এবং অতিরিক্ত জেলাশাসক মিলিয়ে মোট ৬৪ জন আধিকারিককে বদলি করা হয়েছে বলে জানা যাচ্ছে। এত সংখ্যক IAS অফিসারের বদলি একসঙ্গে হওয়া এ রাজ্যে এক কথায় নজিরবিহীন।
যে সমস্ত জেলার জেলাশাসকদের বদলি করা হয়েছে, তার মধ্যে রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কোচবিহার, মুর্শিদাবাদ, পুরুলিয়া, দার্জিলিং, মালদহ এবং বীরভূমের মতো গুরুত্বপূর্ণ জেলা।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিশেষ নিবিড় সমীক্ষা (SIR) শুরু হওয়ার জল্পনার মাঝেই এই বদলি রাজ্যের প্রশাসনিক মহলে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। সাধারণত ভোটের আগে এই ধরনের বদলি নির্বাচন কমিশনের নির্দেশেই হয়ে থাকে। তবে কমিশনের কিছু বলার আগেই এত বড় সংখ্যক বদলি একসঙ্গে করায় প্রশ্ন উঠছে: কমিশন যাতে পক্ষপাতিত্বের কোনও অভিযোগ তুলতে না পারে, সেই কারণেই কি নবান্ন আগেভাগে এই পদক্ষেপ নিল?
বদলি হওয়া গুরুত্বপূর্ণ আধিকারিকদের তালিকা:
শরদ কুমার দ্বিবেদী (IAS): উত্তর ২৪ পরগনার জেলাশাসক থেকে স্বাস্থ্য ও জনকল্যাণ দফতরে বদলি।
সুমিত গুপ্তা (IAS): দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক থেকে কলকাতা পুরসভার মিউনিসিপ্যাল কমিশনার পদে।
শশাঙ্ক শেঠি (IAS): হিডকোর ম্যানেজিং ডিরেক্টর থেকে উত্তর ২৪ পরগনার নতুন জেলাশাসক।
অরবিন্দ কুমার মিনা: কোচবিহারের জেলাশাসক থেকে দক্ষিণ ২৪ পরগনার DM।
রাজর্ষি মিত্র: মুর্শিদাবাদের জেলাশাসক থেকে HIDCO-র দায়িত্বে।
রজত নন্দ: পুরুলিয়ার জেলাশাসক থেকে পর্যটন বিভাগের ডিরেক্টর পদে।
প্রীতি গয়াল: দার্জিলিং-এর জেলাশাসক থেকে মালদহের জেলাশাসক।
নীতীন সিংঘানিয়া: মালদহের জেলাশাসক থেকে মুর্শিদাবাদের জেলাশাসক।
ধবল জৈন: কলকাতা পুরসভার মিউনিসিপ্যাল কমিশনার থেকে বীরভূমের জেলাশাসক।
কোন্ঠাম সুধীর: হলদিয়া চিফ এক্সিকিউটিভ অফিসার থেকে জেলাশাসক।
ইউনিস ঋষিন ইসমাইল: পূর্ব মেদিনীপুরের নতুন জেলাশাসক।
রাজু মিশ্র: কোচবিহারের নতুন জেলাশাসক।
এছাড়া, বীরভূমের জেলাশাসক বিধান চন্দ্র রায়কে খাদ্য ভবনের স্পেশাল সেক্রেটারি এবং ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল আগরওয়ালকে উত্তর ২৪ পরগনার উন্নয়ন বিভাগের স্পেশাল সেক্রেটারি হিসেবে বদলি করা হয়েছে। পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাঝি এবার UD এবং MA বিভাগের স্পেশাল সেক্রেটারি হচ্ছেন।