দূরপাল্লার ট্রেনে চরম কাণ্ড! কমোডকে ‘বিছানা’ বানিয়ে টয়লেট দখল করে ঘুম! ভাইরাল ভিডিও দেখে হতবাক রেলযাত্রীরা

দূরপাল্লার ট্রেনে ভিড় বা সুযোগের অপব্যবহারের ঘটনা নতুন নয়। তবে এবার এমন একটি ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা দেখে চোখ কপালে উঠেছে সাধারণ যাত্রীদের। এক ব্যক্তি ট্রেনের টয়লেট সম্পূর্ণভাবে দখল করে সেটিকে রীতিমতো নিজের ‘শয়নকক্ষে’ পরিণত করেছেন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ওই ব্যক্তি ট্রেনের টয়লেট সম্পূর্ণভাবে দখল করে সেখানে লেপ-কম্বল, ব্যাগপত্র সাজিয়ে নিয়েছেন। সবচেয়ে অবাক করা বিষয় হলো, তিনি কমোডের উপরেই বিছানা পেতে শুয়ে আছেন! টয়লেটের দৈর্ঘ্য কম হওয়ায় পা তুলে দিয়েছেন সটান বেসিনে। এমনকি নাইলনের একটি ফোল্ডিং খাট দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে দিয়েছেন বাইরের জানলায়।

যাত্রীরা টয়লেট ব্যবহার করতে না পারলেও, সম্পূর্ণ নিরুত্তাপ ভঙ্গিতে তিনি আরাম করে সেখানে শুয়েছিলেন। ভিডিও রেকর্ড করা এক যাত্রী তাঁকে জিজ্ঞেস করেন, “ভাই, ওয়াশরুমকে বেডরুমে পরিণত করেছেন?” জিনিসপত্র প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি টয়লেটের ভেতর থেকে আধশোয়া অবস্থায় শুধু বলেন, “হ্যাঁ।” টয়লেট খালি করে দেওয়ার কোনো লক্ষণই তাঁর মধ্যে দেখা যায়নি।

এই ভিডিও সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা শুরু হয়েছে। অধিকাংশ মানুষই এমন আচরণের তীব্র নিন্দা করেছেন। অনেকেই প্রশ্ন তুলেছেন, এভাবে দীর্ঘ সময় ধরে অন্যের সমস্যা সৃষ্টি করে টয়লেট দখল করে রাখা কতটা যুক্তিযুক্ত। কেউ কেউ এমন অস্বাস্থ্যকর জায়গায় শোয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। একজন ইউজার লেখেন, ‘অন্যদের দাঁড়ানোর জায়গা নেই। আর উনি এসব করছেন!’

পাশাপাশি, এই ঘটনায় ভারতীয় রেলের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। দূরপাল্লার ট্রেনে এভাবে যখন একজন যাত্রী অন্যের সুবিধা কেড়ে নিচ্ছেন, তখন রেলের কোনো কর্মী কেন তাঁকে আটকালেন না, সেই প্রশ্নও তুলছেন নেটিজেনরা। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি, তবে হাজার হাজার মানুষ এটি শেয়ার করেছেন। রেলের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।