জাতীয় সড়ক থেকে লরি ছিনতাইয়ের রহস্যভেদ! এক মাসের মধ্যে ৪৪ লক্ষ টাকার সামগ্রী উদ্ধার করল বাগনান পুলিশ, গ্রেফতার ১

গত সেপ্টেম্বর মাসে হাওড়ার বাগনানে জাতীয় সড়কের পাশ থেকে রেলওয়ের সামগ্রী বোঝাই একটি লরি ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল। চুরির প্রায় এক মাসের মধ্যে সেই চুরি যাওয়া লরি ও ৪৪ লক্ষ টাকার মূল্যবান সামগ্রী উদ্ধার করে বড়সড় সাফল্য পেল পুলিশ। এই ঘটনায় হাওড়ার আন্দুল থেকে একজনকে গ্রেফতারও করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৫ সেপ্টেম্বর এই চুরির ঘটনাটি ঘটেছিল। রেলওয়ের ৪৪ লক্ষ টাকার সামগ্রী বোঝাই লরিটি কলকাতা থেকে সেকেন্দ্রাবাদ যাওয়ার পথে ১৬ নং জাতীয় সড়কের ধারে বাগনান এলাকায় দাঁড় করানো ছিল। সেই সুযোগেই লরিটি চুরি হয়ে যায়। এরপর লরি মালিক বাগনান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে বাগনান থানার পুলিশ তদন্ত শুরু করে। সেই তদন্তের সূত্র ধরে গতকাল (বৃহস্পতিবার) রাতে হাওড়ার আন্দুল এলাকা থেকে মোহিত সিং নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ধৃতকে জিজ্ঞাসাবাদ করেই পুলিশ চুরি যাওয়া লরিটির খোঁজ পায়। মাত্র এক মাসের মধ্যেই চুরি যাওয়া লরি ও রেলওয়ের ৪৪ লক্ষ টাকার সামগ্রী উদ্ধার করা সম্ভব হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, অভিযুক্তরা লরি চুরি করার পর পুলিশের নজর এড়াতে গাড়ির রঙ এবং নম্বর প্লেট পরিবর্তন করে ফেলেছিল। কিন্তু তাতেও শেষরক্ষা হল না। এই ঘটনায় একজনকে গ্রেফতার করা গেলেও, এর পিছনে থাকা বাকি অভিযুক্তদের খোঁজে জোরদার তল্লাশি শুরু করেছে পুলিশ।