হর্ষিত প্রীতি! অর্শদীপকে বাদ দিয়ে রানা কেন? গম্ভীরের দল নির্বাচন নিয়ে নেটপাড়ায় তীব্র ক্ষোভ, ভাইরাল মিম

ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে নিয়মরক্ষার সিডনি টেস্টে ভারতীয় একাদশে দুটি পরিবর্তন আসতেই সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন হেড কোচ গৌতম গম্ভীর। অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি এবং ফাস্ট বোলার অর্শদীপ সিংকে বসিয়ে প্রথম একাদশে সুযোগ দেওয়া হয়েছে কুলদীপ যাদব ও প্রসিধ কৃষ্ণাকে। অর্থাৎ, এই ম্যাচে ভারত একজন ব্যাটার কম নিয়ে খেলছে। তবে সবচেয়ে বেশি বিতর্কের জন্ম দিয়েছে হর্ষিত রানাকে প্রথম একাদশে রেখে দেওয়া।
অ্যাডিলেড টেস্টে রান খরচে লাগাম টানতে ব্যর্থ হওয়া সত্ত্বেও হর্ষিত রানার প্রতি হেড কোচ গম্ভীরের এই অতিরিক্ত ‘প্রীতি’ দেখে নেটিজেনরা ক্ষোভে ফেটে পড়েছেন।
চলতি সিরিজে প্রথম দুটি ম্যাচেই খেলার সুযোগ পেয়েছিলেন অর্শদীপ সিং। তাঁর বোলিং পারফরম্যান্স খারাপ ছিল না। প্রথম ম্যাচে একটি ও দ্বিতীয় ম্যাচে দুটি উইকেট নেন এবং তাঁর ইকোনমি রেটও ছিল পাঁচের কম। এই ভালো পারফরম্যান্স সত্ত্বেও তাঁকে প্রথম একাদশ থেকে বাদ দেওয়া হয়েছে। অথচ অ্যাডিলেডে ওভার প্রতি আটের বেশি রান দেওয়া হর্ষিত রানা দলে রয়ে গিয়েছেন। যদিও অ্যাডিলেডে রানা ব্যাট হাতে শেষের দিকে কিছু গুরুত্বপূর্ণ রান করেছিলেন এবং বল হাতে দুটি উইকেটও তুলেছিলেন। তবে তাঁর বিপুল রান খরচের বিষয়টিই সমালোচনার কেন্দ্রে।
সিডনি টেস্টের প্রথম একাদশ ঘোষণার পরেই ভক্তদের ক্ষোভ প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়ায়। এক নেটিজেন সরাসরি অভিযোগ তুলেছেন যে ভারতীয় ক্রিকেটে কিছু নির্দিষ্ট ক্রিকেটারকে ‘বাড়তি গুরুত্ব’ দেওয়া হচ্ছে। তিনি লেখেন, “হর্ষিতকে দলে রেখে অর্শদীপকে বিশ্রাম বা চোটের অজুহাতে বসিয়ে দেওয়া দেখেই বোঝা গেল ভারতীয় ক্রিকেটে কিছু কিছু ক্রিকেটারকে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। কোচ গম্ভীর নিজের পছন্দের ক্রিকেটারদের সুযোগ দিয়েই চলেছেন। আর এই কারণেই হয়ত সিরিজটাও হারতে হল।”
আরেকজন নেটিজেন প্রশ্ন তুলেছেন, “ভারতীয় ক্রিকেটে চলছেটা কী?” অন্য একজন এই দল নির্বাচনকে ‘হাস্যকর’ বলে আখ্যা দিয়েছেন।
গম্ভীরের দল নির্বাচন নিয়ে একজন প্রশ্ন তুলেছেন, “গম্ভীরের কেন এত পছন্দ রানাকে? অর্শদীপকে বসানো হল, যার ইকোনমি পাঁচের কম ছিল। অন্যদিকে রানা আগের ম্যাচে ওভার প্রতি প্রায় আট রান দিয়েছে।” আরেকজনের সতর্কবাণী, “এখনই এই বিষয়ে সোচ্চার না হলে আগামীদিনে এগুলি কুলদীপ, শ্রেয়স, যশস্বীদের সঙ্গেও হবে। ক্রিকেটাররা যদি পারফরম্যান্সের ভিত্তিতে নির্বাচিত না হয় তো কীসের ভিত্তিতে হবে?”