পার্কিং নিয়ে বচসা! রাস্তায় যুবককে নাক ঘষিয়ে অপমান, ভিডিও ভাইরাল হতেই গ্রেফতার মীরাটের বিজেপি নেতা বিকুল চাপরানা

সাধারণ মানুষের সঙ্গে চরম দুর্ব্যবহার এবং এক যুবককে রাস্তায় নাক ঘষিয়ে প্রকাশ্যে অপমান করার অভিযোগে মীরাটের স্থানীয় বিজেপি নেতা বিকুল চাপরানাকে মঙ্গলবার গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনার হাড়হিম করা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি গত ১৯ অক্টোবর গভীর রাতে মীরাটের মেডিকেল থানার তেজগড়ী এলাকায় ঘটেছে। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, বিজেপি কিষাণ মোর্চার জেলা সহ-সভাপতি বিকুল চাপরানা এবং তাঁর সঙ্গীরা দু’জন যুবককে হুমকি দিচ্ছেন এবং তাঁদের গাড়ির কাচ ভাঙছেন। আক্রান্ত যুবক দু’জনের মধ্যে একজন হাত জোড় করে ক্ষমা চাওয়ার পর মাথা নিচু করে রাস্তায় নাক ঘষছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী সোমেন্দ্র তোমরের কার্যালয়ের কাছেই পার্কিং নিয়ে বচসার জেরেই এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে। ভিডিওটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ বিষয়টি খতিয়ে দেখতে শুরু করে।
সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (সিটি) আয়ুষ বিক্রম সিং জানিয়েছেন, তদন্তে পার্কিং নিয়েই দুই পক্ষের মধ্যে বিরোধের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আক্রান্ত যুবক সত্যম রাস্তোগির ভাই আদিত্য রাস্তোগির অভিযোগের ভিত্তিতে বিকুল চাপরানার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং তাঁকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় জড়িত অন্যদেরও শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন মেডিকেল থানার এসএইচও শৈলেশ কুমার।
এই ঘটনা প্রকাশ্যে আসতেই বিরোধী দলগুলি বিজেপিকে তীব্র আক্রমণ করেছে। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব ভিডিওটি শেয়ার করে লেখেন, “ক্ষমতার অহংকারে মত্ত বিজেপি কর্মীরা কাউকে অপমান করতে বিন্দুমাত্র দ্বিধা করে না। বিজেপি কর্মীরা ভুলবেন না, প্রতিটি অহংকারের শেষ একদিন না একদিন হয়।”
भाजपाई सत्ता के अहंकार में चूर होकर किसी को भी अपमानित करने से नहीं चूकते हैं।
भाजपाई न भूलें, एक न एक दिन हर दंभ का अंत होता है। pic.twitter.com/fW6ZVOLeQB
— Akhilesh Yadav (@yadavakhilesh) October 21, 2025
কংগ্রেস এই ঘটনাকে “বিজেপির আসল চেহারা” বলে মন্তব্য করেছে। তারা অভিযোগ করেছে, বিকুল চাপরানা উত্তরপ্রদেশ পুলিশের সামনেই এই পুরো নাটক মঞ্চস্থ করেছেন এবং নিজের ক্ষমতা দেখাতে বড় বড় নাম ব্যবহার করেছেন।
অন্যদিকে, বিতর্কের মধ্যে প্রতিমন্ত্রী সোমেন্দ্র তোমর স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই বিবাদের সঙ্গে তাঁর কোনও যোগ নেই। বিজেপি-র জেলা সভাপতি শিবকুমার রানা জানিয়েছেন, দল এমন আচরণ সমর্থন করে না এবং এই বিষয়ে রাজ্য ও আঞ্চলিক নেতৃত্বকে জানানো হয়েছে।