ভারতকে হুঁশিয়ারির ৪৮ ঘণ্টার মধ্যেই ‘সুর নরম’! দীপাবলির শুভেচ্ছা জানিয়ে মোদীকে ‘মহান ব্যক্তি’ বললেন ট্রাম্প, কারণ কী?

দীপাবলির আনন্দ এবার ছড়িয়ে পড়ল হোয়াইট হাউসে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোর এই উৎসবে শুভেচ্ছা জানালেন ভারতবাসী ও ভারতীয় বংশোদ্ভূত আমেরিকানদের। তবে এই উদযাপনের ফাঁকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি তাঁর উষ্ণতা এবং একইসঙ্গে বাণিজ্যিক টানাপোড়েনের ইঙ্গিত দুই দেশের কূটনৈতিক সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

বুধবার হোয়াইট হাউসে দীপাবলি উদযাপনে অংশগ্রহণ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একজন ‘মহান ব্যক্তি’ ও ‘ভাল বন্ধু’ বলে উল্লেখ করেন। একইসঙ্গে তিনি ভারতবাসীকে দীপাবলির শুভেচ্ছাও জানান।

ট্রাম্প বলেন, “আজই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আমার কথা হয়েছে। বছরের পর বছর ধরে উনি আমার ভাল বন্ধু।” তিনি আরও দাবি করেন, “আমাদের মধ্যে অনেক বিষয়েই আলোচনা হয়েছে। তবে বেশিরভাগ আলোচনাই হয়েছে বাণিজ্য সংক্রান্ত।”

এদিন ট্রাম্প আবারও রাশিয়া থেকে ভারতের তেল কেনার পুরোনো প্রসঙ্গটি তুলে ধরেন। তিনি দাবি করেন, “আমাদের সম্পর্ক খুব ভাল। মোদী বলেছেন, রাশিয়া থেকে খুব বেশি তেল কিনবেন না। তিনিও আমার মতো রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান দেখতে চান।”

উল্লেখ্য, গত সপ্তাহে ট্রাম্প মোদীর সঙ্গে ফোনালাপের দাবি করে বলেছিলেন, মোদী নাকি আশ্বাস দিয়েছেন যে রাশিয়ার তেল আর কিনবেন না। যদিও ভারতের বিদেশ মন্ত্রক সেই সময় মোদীর সঙ্গে ট্রাম্পের সম্প্রতি কোনো ফোনালাপের কথা অস্বীকার করেছিল। সেই আবহে গত সোমবার ট্রাম্প চড়া সুরেই ভারতকে হুঁশিয়ারি দিয়ে জানান, রাশিয়া থেকে ভারত যদি আবার তেল কেনে তবে তাদের উপর আরও চড়া শুল্ক আরোপ করা হবে। এই মন্তব্যের ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই মোদীকে ‘বন্ধু’ বলে সুর নরম করলেন মার্কিন প্রেসিডেন্ট, যা কূটনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।

দীপাবলি উদযাপনের শুভ মুহূর্তে ট্রাম্প বলেন, “এই প্রদীপ অন্ধকারের উপর আলো, অজ্ঞানের উপর জ্ঞান এবং মন্দের উপর ভালর জয়ের প্রতীক।”

এদিন হোয়াইট হাউসের অনুষ্ঠানে ট্রাম্প প্রশাসনের একাধিক পদস্থ কর্তা—এফবিআই ডিরেক্টর কাশ প্যাটেল, ওডিএনআই ডিরেক্টর তুলসী গ্যাবার্ড, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কুশ দেশাই এবং ভারতীয় রাষ্ট্রদূত বিনয় মোহন ওয়াতরা-সহ বহু ভারতীয়-আমেরিকান শিল্পপতি উপস্থিত ছিলেন।

এদিকে ভারত এবং আমেরিকার মধ্যে যে দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি হওয়ার কথা, তা এখনও ঝুলে রয়েছে। মোদী এবং ট্রাম্প বারবারই চুক্তির আশাবাদ দেখালেও, সম্ভাব্য সময় সম্পর্কে কেউই কোনো মন্তব্য করেননি। এই পরিস্থিতিতে, দীপাবলির শুভেচ্ছার আড়ালে ট্রাম্পের বারবার বাণিজ্য প্রসঙ্গ উত্থাপন দুই দেশের সম্পর্কের জটিল দিকটিকেই তুলে ধরছে।