নাবালক ছাত্রকে পিভিসি পাইপ দিয়ে বেধড়ক মার, শরীর জুড়ে কালশিটে! প্রিন্সিপালের বর্বরতা ফাঁস বেঙ্গালুরুর স্কুলে, মা’কেও হুমকি

কর্ণাটকের বেঙ্গালুরুর একটি বেসরকারি স্কুলে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা। ন’বছর বয়সি এক ছাত্রকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে স্কুলের প্রিন্সিপালের বিরুদ্ধে। শরীরের একাধিক জায়গায় কালশিটে ও রক্ত জমাট বাঁধা অবস্থায় পড়ুয়াকে দেখে আঁতকে ওঠে তার পরিবার। গুরুতর আহত অবস্থায় সে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গত ১৪ অক্টোবর ঘটনাটি ঘটে। পড়ুয়ার মা পুলিশকে জানিয়েছেন, স্কুলের প্রিন্সিপাল রাকেশ কুমার পিভিসি পাইপ দিয়ে তার ছেলেকে বেধড়ক মারধর করেন। এই মারধরের চোটে পড়ুয়ার শরীরের একাধিক জায়গায় রক্ত জমাট বেঁধে গেছে এবং কালশিটে পড়ে গেছে। পড়ুয়ার আঘাতের ছবি ও ভিডিও থানায় জমা দিয়েছেন তার মা।
এখানেই শেষ নয়, ছেলের উপর প্রিন্সিপালের এমন বর্বর আচরণ নিয়ে স্কুলে গিয়ে প্রতিবাদ জানালে, তাঁকেও হুমকি দেন অভিযুক্ত প্রিন্সিপাল। পড়ুয়ার ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে দ্রুত স্কুলের প্রাঙ্গণ ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি দেওয়া হয়।
পুলিশ ইতিমধ্যেই এই ঘটনায় বেসরকারি স্কুলের প্রিন্সিপাল রাকেশ কুমারের বিরুদ্ধে মামলা রুজু করেছে। পাশাপাশি, নাবালক ছাত্রকে হেনস্থার প্রতিবাদ না করা বা তা রোধ না করার জন্য স্কুলের প্রধান বিজয় কুমার এবং এক শিক্ষিকা চন্দ্রিকার বিরুদ্ধেও মামলা রুজু করা হয়েছে।