‘হিন্দুরা ভাবুন’! রায়দিঘিতে বিক্ষোভের পর তৃণমূল-সিপিএমের হিন্দু ভোটারদের কড়া বার্তা শুভেন্দু অধিকারীর!

দক্ষিণ ২৪ পরগণার রায়দিঘিতে কালীপুজোর অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানোর ঘটনার পর ফের একবার হিন্দু সমাজকে ‘একজোট হওয়ার’ বার্তা দিলেন তিনি। তৃণমূল ও সিপিএম-এর হিন্দু সমর্থকদের উদ্দেশ্যে শুভেন্দু বলেছেন, “ভাবুন, আপনাদের অবস্থাও যোগেন মণ্ডলের মতো হবে।”

রবিবার রায়দিঘিতে একটি কালীপুজোর অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় শুভেন্দুর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয় এবং তাঁর গাড়িতে চাপড় মারা হয়। এই ঘটনায় ক্ষোভ উগরে দেন বিরোধী দলনেতা। তিনি বলেন, তিনি কোনও রাজনৈতিক কর্মসূচিতে আসেননি, বরং একটি প্রীতিপূর্ণ কালীপুজোর অনুষ্ঠানে হিন্দু হিসাবে যোগ দিতে এসেছিলেন।

শুভেন্দু অধিকারী বলেন, “এটা একটা প্রীতিপূর্ণ অনুষ্ঠান। সব হিন্দুরা এসেছেন অনুষ্ঠানে। আমি হিন্দু হিসাবে এসেছি। দলের ঝান্ডা নিয়ে আসিনি। আমায় রাস্তার উপর আটকানোর চেষ্টা করছে। গাড়িতে ধাক্কা মারছে। আমি ধর্ম পালন করতে এসেছি। আমি আজ বিজেপি করতে আসিনি। আমি হিন্দু ধর্ম পালন করতে এসেছিলাম, মায়ের দর্শন করতে এসেছি।”

জনবিন্যাস পরিবর্তন নিয়ে সরব:

এর পরেই দক্ষিণ ২৪ পরগণায় অনুপ্রবেশ ও জনবিন্যাস বদলে যাওয়ার অভিযোগ তুলে সরব হন শুভেন্দু। তিনি মন্তব্য করেন, এই জেলার আদি বাসিন্দারা ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছেন।

গত কয়েক মাস ধরেই বিধানসভা নির্বাচনে বিজেপিকে জেতাতে হিন্দুদের একজোট হওয়ার আহ্বান জানাচ্ছেন তিনি। এদিন আবারও সেই সুর শোনা গেল তাঁর কণ্ঠে। তৃণমূল কিংবা সিপিএমকে সমর্থন করা হিন্দু ভোটারদের উদ্দেশ্যে বার্তা দিয়ে শুভেন্দু বলেন: “বাংলাদেশে যেভাবে হিন্দুদের সংখ্যা কমছে, হিন্দুরা হারিয়ে যাওয়ার পথে। আজ পশ্চিমবঙ্গ তো বটেই, সব থেকে দক্ষিণ ২৪ পরগনায় বেশি করে হচ্ছে। আমি এখনও বলব, যে সকল হিন্দুরা তৃণমূল বা সিপিএম করছেন, বলব ভাবুন। আপনাদের অবস্থাও যোগেন মণ্ডলের মতো হবে।”