দীপাবলির আগেই ২৬ লক্ষ প্রদীপে সেজে উঠল রামের অযোধ্যা, দেখুন সেই অবিশ্বাস্য দৃশ্য!

দীপাবলির আগমনী বার্তা নিয়ে রামের জন্মভূমি অযোধ্যা আবারও বিশ্ব রেকর্ড গড়ল। দীপোৎসবের মাধ্যমে সরযূ নদীর দুই তীর আলোকিত করে উত্তর প্রদেশ সরকার এবার দুটি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছে। একসঙ্গে ২৬ লক্ষেরও বেশি প্রদীপ জ্বালানো এবং দুই হাজারেরও বেশি মানুষের আরতি—এই জোড়া সাফল্যে উজ্জ্বল হল অযোধ্যা।

প্রতি বছরই দীপাবলির আগে অযোধ্যায় সরযূ নদীর তীরে ধুমধাম করে পালিত হয় এই ঐতিহাসিক দীপোৎসব। গত বছরও প্রদীপ জ্বালানোর রেকর্ড গড়েছিল উত্তর প্রদেশ। তবে এবার তারা নিজেরাই নিজেদের রেকর্ড ভেঙে দিল। একসঙ্গে ২৬ লক্ষ ১৭ হাজার প্রদীপ জ্বালিয়ে বিশ্ব রেকর্ড গড়ল যোগী আদিত্যনাথের রাজ্য সরকার। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের কর্মকর্তারা ড্রোনের মাধ্যমে এই প্রদীপের সংখ্যা গণনা করেন।

একসঙ্গে ২ হাজারেরও বেশি মানুষের আরতি:

প্রদীপ জ্বালানোর পাশাপাশি এবার উত্তর প্রদেশ দ্বিতীয় আরেকটি বিশ্ব রেকর্ড গড়েছে। দীপোৎসবের অনুষ্ঠানে একসঙ্গে ২ হাজার ১২৮ জন আরতি করেও তারা বিশ্ব রেকর্ডে নাম তুলেছে। বিশ্ব রেকর্ডের সার্টিফিকেট হাতে নিয়ে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজের ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছেন।

রবিবার বিকেল ৫টা থেকে অযোধ্যায় সরযূ নদীর তীরে এই বর্ণাঢ্য অনুষ্ঠান শুরু হয়, যা চলে রাত ৮টা পর্যন্ত। প্রদীপ জ্বালানো ও আরতির পাশাপাশি সেখানে লাইট অ্যান্ড সাউন্ড শো এবং আতশবাজির প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। রামায়ণ অভিনয় করে দেখানো হয়। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ স্বয়ং শ্রীরাম, লক্ষ্মণ ও সীতার আরতি করেন এবং পুষ্পক রথের দড়িতে টান দেন।

জানা গিয়েছে, এই দীপোৎসবে মোট ৩৩ হাজার স্বেচ্ছাসেবক (ভলান্টিয়ার) অংশগ্রহণ করেছিলেন। তাঁদের পরিশ্রমেই একসঙ্গে এত বিপুল সংখ্যক প্রদীপ জ্বালানো সম্ভব হয়েছে। রামলীলা অভিনয়ের জন্য ৫টি ভিন্ন দেশ থেকে শিল্পীরা অযোধ্যায় এসেছিলেন। এই জমকালো আয়োজন দীপাবলির উৎসবকে এক অন্য মাত্রায় পৌঁছে দিল।