আবার হত্যার চেষ্টা? ট্রাম্পের বিমানের উড়ান এলাকায় ‘গুপ্ত ঘাঁটি’! নড়েচড়ে বসল সিক্রেট সার্ভিস

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যবহৃত বিমান ‘এয়ার ফোর্স ওয়ান’ বর্তমানে যেখানে রাখা হচ্ছে, তার কাছাকাছি একটি গাছে ‘স্নাইপার নেস্ট’ বা গুপ্ত ঘাঁটির মতো সন্দেহজনক কাঠামো আবিষ্কৃত হওয়ায় নিরাপত্তা মহলে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, স্নাইপার রাইফেল দিয়ে দূর থেকে লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য সাধারণত এমন কাঠামো ব্যবহার করা হয়। এই আবিষ্কারের পর ফ্লরিডা বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটসাঁট করা হয়েছে।

গত বৃহস্পতিবার এই সন্দেহজনক কাঠামোর সন্ধান মেলে একটি গাছের উপরে। যেখান থেকে প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর বিমানে ওঠানামা করেন, সেই জায়গাটির একদম কাছেই ছিল কাঠামোটি। জানা গিয়েছে, এই জায়গা থেকে এয়ার ফোর্স ওয়ানের সিঁড়ির দিকে ৩০০ গজের একটি নিখুঁত দৃশ্য দেখা যায়। নিরাপত্তার কারণে রবিবার ট্রাম্পকে তুলনামূলক ছোট সিঁড়ি ব্যবহার করে বিমানে উঠতে হয়েছে বলেও খবর।

আমেরিকার সংবাদমাধ্যম ফক্স নিউজের খবর অনুযায়ী, ফ্লরিডা বিমানবন্দর থেকে মাত্র ২০০ গজ দূরে একটি গাছের ডালে কিছু পাইপ জড়িয়ে এই কাঠামোটি তৈরি করা হয়েছিল। সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা প্রথম এর সন্ধান পান। যদিও আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানিয়েছে, ঘটনাস্থল থেকে কোনও গুলি বা বিস্ফোরক বস্তু উদ্ধার করা হয়নি।

তবে এখনও পর্যন্ত এটি স্পষ্ট নয় যে, এটি সত্যিই কোনও স্নাইপারের ঘাঁটি, নাকি গাছের মধ্যে থাকা কোনও পুরনো বা অব্যবহৃত বস্তু। কিছু সূত্র অবশ্য জানাচ্ছে, শিকারীরা এই অঞ্চল ব্যবহার করতে পারে, বিশেষত যারা আক্রমণাত্মক সবুজ ইগুয়ানার শিকার করেন।

এফবিআই পরিচালক ক্যাশ পটেল ফক্স নিউজকে জানিয়েছেন, “প্রেসিডেন্টের ওয়েস্ট পাম বিচে ফেরার ঠিক আগে এয়ার ফোর্স ওয়ান ল্যান্ডিং জোনের কাছে একটি উঁচু স্থানে কাঠামোটি আবিষ্কৃত হয়। যদিও সেখানে কাউকে পাওয়া যায়নি। বিষয়টির তদন্ত করছে এফবিআই।”

উল্লেখ্য, সাধারণত এই অংশে এয়ার ফোর্স ওয়ান রাখা হয় না, তবে সাম্প্রতিক নির্মাণকাজের কারণে সাময়িকভাবে বিমানটি ব্যক্তিগত বিমান পার্কিংয়ের সেই অঞ্চলে রাখা হচ্ছে।

প্রসঙ্গত, এর আগেও দু’বার ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হয়েছিল। ২০২৪ সালের জুলাই মাসে পেনসিলভানিয়ার বাটলারে একটি জনসভার সময় ট্রাম্প স্নাইপারের আক্রমণ থেকে রক্ষা পান। ওই বছরেরই ১৫ সেপ্টেম্বর, ওয়েস্ট পাম বিচে ট্রাম্পের গলফ কোর্সের কাছে একটি স্নাইপার অবস্থান থেকে আরও একটি হত্যার চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল। এই নতুন ঘটনা সেই পুরনো আতঙ্ককেই উসকে দিল।