ভূতের হোটেলে ট‍্যাঙ্গো! মিমি-বনিদের নিয়ে আসছে শিবপ্রসাদ-নন্দিতার ‘হরর-কমেডি’ – কাঁপবে বাংলা

ভূত চতুর্দশীর দিনেই বড় চমক দিলেন পরিচালক অরিত্র মুখোপাধ্যায়। নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা উইন্ডোজ (Windows Production)-এর হাত ধরে শীতের আগেই আসছে নতুন বাংলা ছবি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’। রোমাঞ্চ, হাসি এবং আবেগের এক ‘হরর-কমেডি’ মোড়কে মোড়া এই ছবির মোশন পোস্টার রিলিজ হতেই কৌতূহল তুঙ্গে।

ভূতের ছবি মানেই শুধু গা ছমছমে পরিবেশ নয়, বরং সেখানেও থাকতে পারে হাসি ও উন্মাদনা—এই ভাবনা নিয়েই তৈরি হয়েছে ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’। মুক্তি পাওয়া মোশন পোস্টারে দেখা যাচ্ছে, এক সুবিশাল রহস্যময় প্রাসাদের ঘরে দুটি যুগল ট্যাঙ্গো নাচে মগ্ন। পিছনের সিঁড়ি থেকে কয়েকজন দর্শক সেই দৃশ্য দেখছে। পোস্টারটি ভৌতিক ও মনোরঞ্জনের এক নিখুঁত ভারসাম্যের ইঙ্গিত দিচ্ছে, যার সঙ্গে আবহ সঙ্গীত যোগ করেছে এক গাঢ় রহস্যের মেজাজ।

ছবিতে অভিনয় করেছেন দুই তারকা জুটি—মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) এবং সোহম মজুমদার (Soham Majumdar); অন্যদিকে আছেন বনি সেনগুপ্ত (Bonny Sengupta) ও স্বস্তিকা দত্ত (Swastika Dutta)। এছাড়াও, কাঞ্চন মল্লিক, মানসী সিনহা, অনামিকা সাহা এবং শ্রুতি দাসের মতো শক্তিশালী অভিনেতারা বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন। ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন জিনিয়া সেন ও গোধুলি শর্মা।

ছবিটি নিয়ে বলতে গিয়ে পরিচালক অরিত্র মুখার্জি জানান, “ভূতের হোটেল কেবল ভয় দেখানোর গল্প নয়। আমাদের প্রচেষ্টা ছিল এমন একটি জগৎ তৈরি করা, যেখানে হাস্যরস এবং হরর হাত ধরাধরি করে চলে। সবচেয়ে অপ্রত্যাশিত জায়গায় উষ্ণতা, হাসি এবং উন্মাদনা খোঁজার গল্প এটি।”

চিত্রনাট্যকার জিনিয়া সেন জানান, এই আইডিয়া আসে কালিম্পং-এর একটি পুরনো ঔপনিবেশিক হোটেলে থাকার সময়। হোটেলের নীরব, আবছা করিডোরে হাঁটার সময় তাঁর মনে হয়েছিল, চারপাশের সবাই কি সত্যিই মানুষ? সেই ভাবনা নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে শেয়ার করার পরই অরিত্র মুখার্জির পরিচালনায় সেই প্লটটি একটি সামাজিক প্রতিফলনমূলক হরর-কমেডির রূপ নেয়।

উইন্ডোজ প্রযোজিত এই ছবিটি চলতি শীতের মরশুমেই দর্শকদের দরবারে আসতে চলেছে।