‘আমি তোমাকে ভালোবাসি না’, বলায় চরম শাস্তি! যামিনী প্রিয়া হত্যায় অভিযুক্ত প্রেমিক, চলছে পুলিশের চিরুনি তল্লাশি

কর্ণাটকের বেঙ্গালুরুতে ২০ বছর বয়সি এক কলেজ ছাত্রীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বলে পুলিশ বৃহস্পতিবার জানিয়েছে। এই ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। নিহতের ওই তরুণীর নাম যামিনী প্রিয়া, তিনি স্বতন্ত্র পাল্যের বাসিন্দা এবং বনশঙ্করীর একটি বেসরকারি কলেজের ‘বি ফার্মা’র ছাত্রী ছিলেন।
পুলিশ জানিয়েছে, তরুণীর এলাকাতেই থাকত সেই আততায়ী। ছুরি দিয়ে তরুণীর গলা কেটে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সে। তাকে গ্রেফতারের জন্য ব্যাপক তল্লাশি শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে তরুণী কলেজ থেকে বাড়ি ফেরার পথে। শ্রীরামপুরা পুলিশ সীমানার অন্তর্গত রেললাইনের কাছে যামিনীর উপর হামলা চালানো হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সন্দেহভাজন বাইকে করে তরুণীকে অনুসরণ করছিল। এরপর সে ছুরি দিয়ে তরুণীর গলা ও মুখে আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পুলিশ সন্দেহ করছে যে অভিযুক্ত বিগত বেশ কয়েকদিন ধরেই যামিনীকে অনুসরণ করছিল। এর কয়েকদিন আগে সেই যুবক তরুণীকে প্রেমের প্রস্তাব দিয়েছিল, তবে তিনি তা প্রত্যাখ্যান করেছিলেন। এর জেরেই প্রতিশোধ নিতে এই নৃশংস খুন হয়েছে বলে অনুমান করা হচ্ছে।
এই বিষয়ে বেঙ্গালুরু পুলিশের ডেপুটি কমিশনার (উত্তর) বাবাসাব নেমাগৌড় বলেন, “অপরাধী সম্পর্কে আমাদের কাছে কিছু তথ্য আছে। সে ওই একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে। আমরা তরুণীর আত্মীয়দের অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করেছি এবং অপরাধীকে ধরার চেষ্টা চলছে। দোষীকে ধরতে বিশেষ দল গঠন করা হয়েছে।” অভিযুক্ত ধরা পড়লে খুনের প্রকৃত কারণ আরও স্পষ্ট হবে বলে পুলিশ জানিয়েছে।