সহপাঠীকে ধর্ষণ বেঙ্গালুরুর কলেজে, তারপর ধর্ষকের ফোন, ‘পিল লাগবে?’

বেঙ্গালুরুর একটি নামী বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাসের অভ্যন্তরে এক সিনিয়র ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হল জুনিয়র ছাত্র। এই ঘটনা প্রকাশ্যে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শিক্ষা মহলে। ধৃত অভিযুক্ত ছাত্রের নাম জীবন গৌড়া। হনুমাননাথনগর থানার পুলিশ তাকে হেফাজতে নিয়ে আদালতে পেশ করে এবং বর্তমানে সে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছে।

পুলিশ সূত্রে খবর, নির্যাতিতা ছাত্রী সপ্তম সেমিস্টারের বি.টেক পাঠরত। এফআইআর (FIR) অনুযায়ী, প্রায় তিন মাস ধরে অভিযুক্ত জীবনকে চিনতেন তিনি। গত ১০ অক্টোবর দুপুরে মধ্যাহ্নভোজের বিরতিতে অভিযুক্ত জীবন একাধিকবার ফোন করে আর্কিটেকচার ব্লকের কাছে নির্যাতিতাকে দেখা করতে বলে।

অভিযোগ, ছাত্রীটি দেখা করতে গেলে জীবন তাঁকে জোর করে চুম্বন করে। এরপরই তাঁকে পুরুষদের শৌচাগারের (Washroom) ভেতরে টেনে নিয়ে যায়। দুপুর ১:৩০ থেকে ১:৫০-এর মধ্যে বন্ধ দরজার আড়ালে তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ।

কোনোরকমে অভিযুক্তের হাত থেকে পালিয়ে আসেন ওই ছাত্রী। প্রথমে তিনি তাঁর বন্ধুদের কাছে ঘটনাটি জানান। পরে বাবা-মাকে পুরো ঘটনা খুলে বলেন। এরপর গত ১৫ অক্টোবর আনুষ্ঠানিকভাবে থানায় অভিযোগ দায়ের করা হয়।

পুলিশ আরও জানিয়েছে, এই পৈশাচিক কাণ্ডের পর অভিযুক্ত জীবন গৌড়া নিজেই ছাত্রীকে ফোন করে জিজ্ঞেস করে যে তাঁর ‘মর্নিং আফটার পিল’ (Morning After Pill) প্রয়োজন আছে কিনা।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত এবং নির্যাতিতা দু’জনেই একই বিভাগের ছাত্র-ছাত্রী ছিলেন। ঘটনাটি কলেজ ক্যাম্পাসের ভেতরেই ঘটেছে। যদিও পুলিশ ঘটনাস্থল খতিয়ে দেখে নিশ্চিত করেছে যে কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি। তবে ফরেনসিক দল ইতিমধ্যেই ঘটনাস্থল পরীক্ষা করে দেখছে।