ইঞ্জিনিয়ারিং কলেজে ধর্ষণের অভিযোগ! পুরুষ শৌচালয়ে সহপাঠীকে যৌন হেনস্থা, বেঙ্গালুরুতে গ্রেফতার ২১ বছরের ছাত্র

ফের ধর্ষণের অভিযোগ, ফের কাঠগড়ায় সহপাঠী। দক্ষিণ বেঙ্গালুরুর একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ক্যাম্পাসের মধ্যেই পুরুষ শৌচালয়ের ভিতরে এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ২১ বছর বয়সী ষষ্ঠ সেমিস্টারের ছাত্র জীবন গৌড়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কী ঘটেছিল সেদিন?
পুলিশ সূত্রে খবর, গত ১০ অক্টোবর, লাঞ্চ ব্রেকের সময় এই ঘটনাটি ঘটে। নিগৃহীতা ছাত্রী এবং অভিযুক্ত জীবন গৌড়া একই কলেজের সহপাঠী ছিলেন, যদিও ব্যাকলগের কারণে অভিযুক্ত কিছুটা পিছিয়ে পড়ে।
এফআইআর (FIR) অনুযায়ী, ঘটনার দিন কিছু জিনিস নিতে ছাত্রী তাঁর সহপাঠীর সঙ্গে দেখা করতে যান। লাঞ্চের বিরতির সময় অভিযুক্ত একাধিকবার ফোন করে ছাত্রীকে সপ্তম ফ্লোরের স্থাপত্য ব্লকের কাছে দেখা করতে বলে। ছাত্রী সেখানে পৌঁছালে অভিযুক্ত জোর করে তাঁকে চুম্বন করার চেষ্টা করে বলে অভিযোগ। ছাত্রী লিফ্ট ব্যবহার করে ওই জায়গা ছেড়ে যাওয়ার চেষ্টা করলেও অভিযুক্ত তাঁকে অনুসরণ করে ষষ্ঠ ফ্লোরে নিয়ে যায়।
এরপর অভিযুক্ত তাঁকে জোর করে পুরুষ ওয়াশরুমে টেনে নিয়ে যায় এবং সেখানে যৌন নির্যাতন করে। অভিযোগ, এই সময় গৌড়া ওয়াশরুমের দরজা বন্ধ করে দেন এবং ছাত্রীর ফোনটি বেজে উঠলে সেটিও কেড়ে নেন। অনুমান করা হচ্ছে, দুপুর ১:৩০ থেকে ১:৫০-এর মধ্যে এই ঘটনাটি ঘটে।
গ্রেফতার ও তদন্ত
ঘটনার পাঁচদিন পর, গত বুধবার নিগৃহীতা ছাত্রী পুলিশে অভিযোগ দায়ের করেন। ভারতীয় ন্যায় সংহিতার ৬৪ নম্বর ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ এবং ওই দিনই জীবন গৌড়াকে হেফাজতে নেওয়া হয়।
ঘটনার কথা প্রথমে তাঁর দুই বন্ধুকে জানিয়েছিলেন ওই ছাত্রী। এরপর অভিযুক্ত সহপাঠী তাঁকে ফোন করে নির্লজ্জের মতো জিজ্ঞাসা করে, তাঁর “পিলের (গর্ভনিরোধক বড়ি) দরকার আছে কিনা।” এই ঘটনায় ছাত্রী প্রথমে দ্বিধাগ্রস্ত, হতাশ ও ভীত ছিলেন। পরে তিনি বাবা-মাকে জানালে, তাঁরা মেয়েকে সঙ্গে নিয়ে থানায় অভিযোগ দায়ের করেন।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ঘটনার পুনর্নির্মাণ করা হয়েছে। যদিও কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, যে ফ্লোরে ঘটনাটি ঘটেছে, সেখানে কোনও সিসিটিভি ক্যামেরা নেই। এর ফলে তথ্যপ্রমাণ জোগাড়ে কিছুটা সমস্যা হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে ফরেন্সিক ও ডিজিটাল তথ্যপ্রমাণ পরীক্ষা করে দেখা হচ্ছে। এই ঘটনা নিয়ে কর্ণাটকের শাসক দল কংগ্রেসকে নিশানা করেছে বিজেপি।