ভিনরাজ্যে খুন করে কলকাতায় গা ঢাকা! সল্টলেকের অভিজাত আবাসনে ‘অ্যাকশন সিনেমার’ দৃশ্য, গ্রেফতার ৩ দুষ্কৃতী

ভিনরাজ্যে অপরাধ করে কলকাতায় গা ঢাকা দেওয়ার চেষ্টার ঘটনায় আবারও চাঞ্চল্য ছড়াল। রাজস্থানের এক ব্যবসায়ীকে খুন করে গুজরাটের চার দুষ্কৃতী পশ্চিমবঙ্গে এসে আশ্রয় নেওয়ার পরিকল্পনা করেছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতা পুলিশের গুণ্ডা দমন শাখার অভিযানে তাদের মধ্যে ৩ জনকে গ্রেফতার করা হলেও, এখনও একজন পলাতক রয়েছে।
বৃহস্পতিবার সন্ধে নাগাদ সল্টলেকের অভিজাত পূর্বাচল আবাসনে যা ঘটল, তা যেন কোনো অ্যাকশন সিনেমার দৃশ্য। পুলিশ সূত্রে খবর, রাজস্থানের কুচমান এলাকার এক ব্যবসায়ীকে খুন করে এই চার দুষ্কৃতী কলকাতায় লুকিয়ে ছিল। সম্ভবত এখান থেকে তারা অন্য কোনো দেশে বা রাজ্যে পালিয়ে যাওয়ার ছক কষেছিল।
তাদের খোঁজ পেয়ে ফুলবাগান এলাকায় অভিযান চালায় পুলিশ। শুরুতে সেখানেই ধরা পড়ে ২ জন। বাকি দুষ্কৃতীরা পালানোর চেষ্টা করে।
পালিয়ে যাওয়া দুষ্কৃতীদের মধ্যে একজন তাড়া খেয়ে পূর্বাচল আবাসনের পাঁচিল টপকে চত্বরে ঢুকে পড়ে। এরপর সে সোজা আবাসনের ‘M বিল্ডিং’-এর আবাসিক অধ্যাপক অঙ্কুর ভাওয়ালের ফ্ল্যাটের মধ্যে ঢুকে পড়ে।
অধ্যাপক অঙ্কুর ভাওয়াল জানান, “তখন প্রায় সাড়ে ৮টা হবে। হঠাৎ দেখি ফ্ল্যাটের মধ্যে একটা লোক ঢুকে পড়েছে। সে বলে ‘চোর আয়া হে’ (চোর এসেছে)। আমার দেখেই সন্দেহ হয় যে লোকটি ভালো নয়, তাড়া খেয়ে এসেছিল বোঝা যাচ্ছিল। এরপর ওকে বলি আপনি বেরিয়ে যান। তারপর বের করে দিই ফ্ল্যাট থেকে।”
কার্নিশ থেকে গ্রেফতার
ফ্ল্যাট থেকে বেরিয়ে ওই খুনি ‘M বিল্ডিং’-এর ছাদের গেট ভেঙে ‘L বিল্ডিং’-এর ছাদে চলে যায়। ততক্ষণে ফুলবাগান থানায় খবর দেওয়া হয়। পুলিশ আসার আগেই দুষ্কৃতী ছাদের কার্নিশে পৌঁছায় এবং সেখান থেকে নিচে নামতে শুরু করে। এই দৃশ্য দেখতে পেয়ে আবাসনের বাসিন্দারা চিৎকার চেঁচামেচি শুরু করেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় এবং কার্নিশ বেয়ে নামার সময় দুষ্কৃতীটিকে গ্রেফতার করে।
এই অভিযানে মোট ৩ জন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। তবে এখনও একজন পলাতক। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বাকি দুষ্কৃতীকে ধরার চেষ্টা করছে।