প্রেমিকার সুগন্ধীতে ফাঁস রহস্য, ছেলের প্রেম জানতে পেরেই বাবা-মায়ের তুমুল প্রতিক্রিয়া, নেটিজেনদের মধ্যে জোর চর্চা

প্রেমিক-প্রেমিকা অউর ওহ—এই গল্পটি যেন সেই ঘরানাকেই অনুসরণ করল। তবে এখানে তৃতীয় পক্ষ কোনো মানুষ নয়, বরং প্রেমিকার সুগন্ধী। এক ভারতীয় যুবক তাঁর প্রেমিকার কথা বাবা-মা জানতে পারার পর তাঁদের তীব্র প্রতিক্রিয়া নিয়ে সোশ্যাল মিডিয়া সাইট রেডিট-এ নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন। এই পোস্টকে কেন্দ্র করে ভারতের রক্ষণশীল পরিবারগুলিতে প্রেম ও বিয়ের বিষয়ে পিতামাতার নিয়ন্ত্রণ নিয়ে জোর ‘অনলাইন-চর্চা’ শুরু হয়েছে।

ডান্ডিয়া খেলতে গিয়ে ফাঁস:

ওই যুবক তাঁর পোস্টের শিরোনাম দিয়েছেন, “আমার প্রেমিকার কথা জানতে পেরে আমার মা কেঁদে আকুল।” তিনি জানান, তিনি সিএ এবং সিএফএ পরীক্ষার জন্য বাড়িতে থাকাকালীন ডান্ডিয়া খেলার একটি জমায়েতের কথা জানতে পারেন। তিনি বন্ধুদের সঙ্গে যাওয়ার নাম করে তাঁর প্রেমিকার সঙ্গে ডান্ডিয়া খেলার পরিকল্পনা করেন।

পরিকল্পনা মাফিক দেখা করা, ঘুরে বেড়ানো এবং ডান্ডিয়া খেলা সব ঠিকঠাকই চলে। কিন্তু বিপত্তি ঘটে বাড়ি ফেরার পর। যুবক জানান, প্রেমিকার সঙ্গে জড়িয়ে ধরার ফলে তাঁর সুগন্ধী যুবকের জামায় মিশে যায়।

পরিবারের চরম প্রতিক্রিয়া:

তিনি বাড়ি ফেরার পরেই মা ছেলের জামা থেকে মেয়েদের সুগন্ধীর গন্ধ পান এবং তাঁকে চেপে ধরেন। ছেলে উত্তর দিলেও মা বিশ্বাস না করে তাঁর বন্ধুদের ডেকে পাঠান। এরই মধ্যে যুবকের বোন জানায়, সে দাদাকে কোনো মেয়ের সঙ্গে কথা বলতে শুনেছে।

এরপরেই মা যখন জানতে পারেন ছেলের একজন প্রেমিকা রয়েছে এবং সে লুকিয়ে তাঁর সঙ্গে দেখাও করছে, তখন তিনি কান্নায় ভেঙে পড়েন। যুবক পোস্টে আরও জানান, তাঁর বাবা তাঁকে থাপ্পড়ও মারেন। সেখানেই শেষ নয়, যুবকের পরিবার ওই যুবতীর ফোন নম্বরও চাইতে থাকে, যদিও যুবক তা দেননি।

এই অভিজ্ঞতার কথা শেয়ার করার পর নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন। কেউ কেউ এটিকে ‘দেশি হাউসহোল্ড’-এর স্বাভাবিক চিত্র হিসেবে দেখিয়েছেন, আবার কেউ কেউ যুবকের পক্ষে সমর্থন জানিয়েছেন। এই ঘটনা ভারতের পরিবারগুলিতে প্রেম ও গোপনীয়তা নিয়ে বিদ্যমান মানসিকতা নিয়ে বড় প্রশ্ন তুলে দিল।