চার মাসে তিনবার, কানাডায় কপিল শর্মার ক্যাফেতে ফের গুলি, হামলাকারীদের টার্গেট কি এবার বলিউডের তারকারা?

কমেডিয়ান কপিল শর্মার মালিকানাধীন ক্যাপস ক্যাফেতে (Caps Cafe) ফের গুলি চালানোর অভিযোগ উঠল কানাডার সারেতে। মাত্র চার মাসের মধ্যে এটি তৃতীয়বার হামলা। বৃহস্পতিবার এক বন্দুকবাজ এই ক্যাফে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায়। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছড়িয়ে পড়তেই আতঙ্ক ছড়িয়েছে।

হামলার দায় স্বীকার গ্যাংস্টারদের:

এই হামলার দায় স্বীকার করেছে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের (Lawrence Bishnoi) সহযোগী কুলবীর সিধু (Kulveer Sidhu) ও গোল্ডি ধিঁলো (Goldy Dhillon)। সোশ্যাল মিডিয়ার পোস্টে তারা হামলার কথা জানিয়েছে।

আগে যখন এই ক্যাফেতে হামলা হয়, তখন বিস্তর ক্ষয়ক্ষতির কারণে বেশ কিছুদিন ক্যাফেটি বন্ধ রাখতে হয়েছিল। সম্প্রতি এটি নতুন করে চালু হওয়ার পরই আবার গুলি চলল।

হামলার কারণ ও হুমকি:

তদন্তকারীরা দুটি মূল কারণ খতিয়ে দেখছেন: ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এবং আর্থিক গোলমাল। সোশ্যাল মিডিয়া পোস্টে হামলাকারীরা সরাসরি হুমকি দিয়ে লিখেছে:

“আজ সারের ক্যাপস ক্যাফেতে যে গুলি চলেছে, তা চালিয়েছি আমি কুলবীর সিধু ও গোল্ডি ধিঁলো। সাধারণ মানুষের প্রতি আমাদের কোনও আক্রোশ নেই। তবে যারা আমাদের টাকা দেবে না বা আমাদের সঙ্গে প্রতারণা করবে, তাদের সতর্ক করে দিচ্ছি।”

পোস্টে বলিউড তারকাদেরও হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, “বলিউডের যারা আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলবে, তাদের তৈরি থাকা উচিত। যে কোনও জায়গা থেকেই গুলি আসতে পারে।”

আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন:

চলতি বছরের ১০ জুলাই প্রথম, ৭ অগাস্ট দ্বিতীয় এবং এবার বৃহস্পতিবার তৃতীয়বার হামলা চালানো হলো। যদিও কোনোবারই কারও গায়ে গুলি লাগেনি, কেবল ক্যাফের জানলা ও আসবাবের ক্ষতি হয়েছে। একই জায়গায় বারবার এমন হামলার ঘটনা কানাডার আইন-শৃঙ্খলা এবং সংগঠিত অপরাধের বাড়বাড়ন্ত নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে।