ব্যাঙ্ক কর্মীর পরিচয়ে লক্ষাধিক টাকার প্রতারণা, বারাসাতে অবসরপ্রাপ্ত কর্মীর ১১ লক্ষ ২০ হাজার টাকা লোপাট, গ্রেফতার ১

বারাসাতে ব্যাঙ্ক নথিপত্র আপডেট ও ভেরিফিকেশনের নামে ফোন করে এক অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মীর অ্যাকাউন্ট থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। বারাসাত নপাড়ার বাসিন্দা অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মী পরিতোষ কুমার গুহ এই বিষয়ে বারাসাত সাইবার থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর পুলিশ এক যুবককে গ্রেফতার করেছে।
কীভাবে ঘটল প্রতারণা?
পুলিশ সূত্রে খবর, ধৃত যুবকের নাম অনিমেষ মন্ডল। অভিযুক্ত অনিমেষ মন্ডল ব্যাঙ্ক কর্মীর পরিচয়ে পরিতোষ গুহকে ফোন করেন। তিনি তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবই এবং এটিএম ভেরিফিকেশন ও আপডেটের জন্য গ্রাহকের কাছ থেকে বেশ কিছু ওটিপি (OTP) সংগ্রহ করেন। ওটিপি নেওয়ার পর কাজ সম্পন্ন হয়েছে বলে তিনি ফোন রেখে দেন।
এর কিছুক্ষণের মধ্যেই আচমকা অভিযোগকারীর তিনটি অ্যাকাউন্ট থেকে প্রায় ১১ লক্ষ ২০ হাজার টাকা কেটে নেওয়া হয়।
অভিযোগ ও গ্রেফতারি:
প্রতারিত হওয়ার পর পরিতোষ গুহ ব্যাঙ্কে যোগাযোগ করলে তাঁকে পরিষ্কার জানানো হয় যে, ব্যাঙ্কের মারফত কোনো ফোন কলে এই ধরনের কাজ করা হয় না। এরপরেই তিনি বারাসাত সাইবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
পরিতোষ গুহের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে বারাসাত সাইবার থানার পুলিশ। এরপর মাইকেল নগর এলাকা থেকে অভিযুক্ত অনিমেষ মন্ডলকে গ্রেফতার করা হয়। ধৃতকে আজ বারাসাত জেলা আদালতে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে পেশ করা হয়েছে।