প্রাক্তন স্বামীর জন্মদিনে আবেগতাড়িত করিশ্মা! সঞ্জয় কাপুরের জন্য বিশেষ বার্তা দিলেন ছেলেমেয়েদের

প্রয়াত ব্যবসায়ী সঞ্জয় কাপুরের জন্মদিন বৃহস্পতিবার (১৬ অক্টোবর)। প্রাক্তন স্বামীর জন্মদিনে স্বাভাবিকভাবেই আবেগতাড়িত হয়ে পড়লেন বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুর। বর্তমানে সম্পত্তি সংক্রান্ত মামলা নিয়ে তাঁর দুই সন্তান সামাইরা ও কিয়ান খবরের শিরোনামে রয়েছে, ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় কেকের ছবি শেয়ার করে ছেলেমেয়েদের উদ্দেশে বিশেষ বার্তা দিলেন করিশ্মা।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে করিশ্মা কাপুর একটি বার্থডে কেকের ছবি শেয়ার করেন, যেখানে লেখা ছিল, ‘হ্যাপি বার্থডে ড্যাড’। ছবিটি শেয়ার করে অভিনেত্রী তাঁর ছেলেমেয়েদের (ভালোবাসার নাম ‘সোমু ও কিউ’) উদ্দেশে লেখেন, “আমার সোমু ও কিউ, তোমাদের বাবা সব সময় তোমাদের আগলে রেখেছে, সারাজীবনের জন্য।”
২০০৩ সালে ব্যবসায়ী সঞ্জয় কাপুরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন করিশ্মা কাপুর। তাঁদের দাম্পত্য জীবন স্থায়ী হয়েছিল মাত্র ১১ বছর। ২০১৪ সালে তাঁরা বিবাহবিচ্ছেদের আবেদন করেন এবং ২০১৬ সালে আইনিভাবে তাঁদের বিচ্ছেদ হয়। সঞ্জয় কাপুর এবং করিশ্মার এক ছেলে (কিয়ান) এবং এক মেয়ে (সামাইরা) রয়েছে।
জানা যায়, বিচ্ছেদের সময় দুই সন্তানের জন্য সঞ্জয় কাপুর ১৪ কোটি টাকার একটি বন্ড কিনেছিলেন। সেই বন্ড থেকে সুদ বাবদ প্রতি মাসে ১০ লাখ টাকা করে পান করিশ্মা। এছাড়াও, সঞ্জয় কাপুরের পৈতৃক বাড়িটি খোরপোশ হিসেবে করিশ্মার নামে লিখে দেওয়া হয়েছিল। কিন্তু সঞ্জয়ের মৃত্যুর পর তাঁর সম্পত্তির আরও ভাগ পাওয়ার জন্য সামাইরা ও কিয়ান আদালতে মামলা দায়ের করায় বিষয়টি ফের বলিউডের ‘হট টপিক’ হয়ে ওঠে। এই মামলার বিতর্কের মধ্যেই প্রয়াত স্বামীর জন্মদিনে করিশ্মার এই আবেগঘন পোস্ট যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে।