মটন নাকি ল্যাম্ব…! স্বাদে সেরা কোনটি, আর ওজন কমাতে কোনটি খাবেন? জানুন পুষ্টিবিদদের মত!

সময়টা ছিল অন্যরকম! যখন মোবাইল, পিৎজা, পাস্তা বাঙালির ঘরে ঘরে প্রবেশ করেনি, তখন রবিবার ছিল একান্তই বিশ্রাম, ভালো খাওয়াদাওয়া আর আত্মীয়-স্বজনের বাড়ি যাওয়ার দিন। সকালের জলখাবারের পাট মিটলেই মধ্যবিত্ত বাঙালির বাড়িতে শুরু হতো প্রেশার কুকারের সিটি। এর বাড়ি, ওর বাড়ি থেকে ভেসে আসত মনমাতানো পাঁঠার মাংসের ঝোলের সুবাস।
সপ্তাহান্তের ভোজ থেকে শুরু করে উৎসবের পাত—মাটনের পদ ছাড়া বাঙালির উদযাপন যেন অসম্পূর্ণ। মাটন কষা বহু যুগ ধরে বাঙালির রসনার অপরিহার্য অংশ। কিন্তু এই মাটন মানে কি খাসির মাংস, নাকি ভেড়ার মাংস? এই প্রশ্নটি প্রায়শই ওঠে। দুটোই তো রেড মিট, স্বাদেও কাছাকাছি, তবে পার্থক্য ঠিক কোথায়?
স্বাদ ও চর্বির পার্থক্য:
খাসির মাংস (Goat Meat): খাসির মাংসের স্বাদ কিছুটা আলাদা এবং এতে চর্বি কম থাকে, কারণ খাসি সাধারণত ঘাস ও বিভিন্ন ধরনের গাছপালা খায়। চিকিৎসার দৃষ্টিকোণ থেকে, খাসির মাংস শরীরের তাপমাত্রা বাড়ায়। ওজন কমাতে ইচ্ছুকদের জন্য এটি একটি ভালো বিকল্প।
ভেড়ার মাংস (Mutton/Sheep Meat): ভেড়ার মাংসের স্বাদ হালকা এবং মিষ্টি। তবে খাসির মাংসের তুলনায় এতে চর্বির পরিমাণ কিছুটা বেশি থাকে। শিশু ও বয়স্কদের জন্য এটি হজম করা তুলনামূলকভাবে সহজ হতে পারে, যদিও কারও কারও হজমের সমস্যাও হতে পারে। যাঁরা ওজন বাড়াতে চান, তাঁরা এই মাংস বেছে নিতে পারেন।
গ্রামাঞ্চলে খাসির মাংসকে বেশি গুরুত্ব দেওয়া হলেও, শহরাঞ্চলে ভেড়ার মাংসও সমান তালে জনপ্রিয়তা পেয়েছে। যদিও স্বাদের কারণে উৎসব ও পার্টিতে মাটন (উভয় প্রকারই) সবচেয়ে জনপ্রিয়।
পুষ্টি ও স্বাস্থ্য:
পুষ্টির দিক থেকে, খাসি ও ভেড়ার মাংস—দুটোতেই পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম, প্রোটিন এবং আয়রন পাওয়া যায়। উভয় মাংসেই স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় একাধিক পুষ্টি উপাদান থাকলেও, চর্বি কম থাকার কারণে যাঁরা ওজন কমাতে চাইছেন, তাঁরা খাসির মাংসকে অগ্রাধিকার দিতে পারেন।
তবে বিশেষজ্ঞরা জোর দিয়ে বলছেন, যেটাই খাওয়া হোক না কেন, পরিমিত পরিমাণে খেলে তবেই পুষ্টি পাওয়া সম্ভব এবং স্বাস্থ্য ঠিক থাকবে। অপরিমিত খাওয়া দাওয়া করলে কিন্তু স্বাস্থ্যগত নানা সমস্যা তৈরি হতে পারে।