ঘোড়া, পালকি নয়—বিয়েতে ‘গ্র্যান্ড এন্ট্রি’ দিতে জেসিবিতে এলেন পাত্র! ভিডিও দেখে হেসে লুটোপুটি নেটিজেনরা

বিয়ে মানে শুধু পাত্র-পাত্রীর মিলন নয়, দুই পরিবারের আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হওয়া। আজকাল বিয়ের অনুষ্ঠানকে ঘিরে কয়েক বছর ধরে চলে জোর প্রস্তুতি। তবে গতানুগতিক মণ্ডপের সাজসজ্জা বা খাবারের মেনুর বাইরে গিয়ে আজকাল বর-কনে তাঁদের ‘এন্ট্রি’ নিয়েও নানা চমক দিচ্ছেন, যা সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে।

অতীতে রাজা-বাদশাদের মতো বরযাত্রীদের সঙ্গে ঘোড়া বা হাতির পিঠে চড়ে আসতে দেখা যেত পাত্রদের। সেই ধারায় পরিবর্তন এনে পাত্রীরা পালকি বা দামী গাড়িতে আসেন, কখনও বা রোমান্টিক গানের সুরে নাচতে নাচতে প্রবেশ করেন। তবে সম্প্রতি এক পাত্রের ভিডিও দেখে নেটিজেনদের চোখ কপালে উঠেছে। কারণ, ঘোড়া, হাতি বা বিলাসবহুল গাড়িতে নয়, তিনি বিয়ের আসরে পৌঁছেছেন জেসিবি (JCB) মেশিনে চড়ে!

ভাইরাল ভিডিওতে দেখা গেছে, জেসিবি মেশিনের যে অংশটি দিয়ে মাটি বা ময়লা তোলা হয়, ফুল দিয়ে সাজানো সেই অংশেই দাঁড়িয়েছিলেন পাত্র। তাঁর পরনে ছিল বিয়ের জমকালো পোশাক এবং মাথায় পাগড়ি। জেসিবি মেশিনে পাত্রের এমন ‘গ্র্যান্ড এন্ট্রি’ দেখে নিমন্ত্রিতদের চক্ষু চড়কগাছ। একনজরে দেখে মনে হয়েছে, এমন চমকের জন্য কেউই প্রস্তুত ছিলেন না। জেসিবি মেশিনে দাঁড়িয়ে পাত্র সোজা ঢুকে পড়েন বিয়ের আসরে।

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। অনেকেই এটি দেখে হেসে লুটোপুটি খাচ্ছেন। নেটিজেনদের মন্তব্যও বেশ মজার:

একজন লিখেছেন, “মেয়েরা যতটা বিলাসবহুল জীবনযাপন পছন্দ করেন, ছেলেরা ততটাই সহজ, সাধারণ থাকতে পছন্দ করেন।”

এক যুবক মজা করে লিখেছেন, “পাত্র হয়তো সিভিল ইঞ্জিনিয়ার।”

আরেকজন লিখেছেন, “একেই বলে গ্র্যান্ড এন্ট্রি।”

আরেক নেটিজেন মন্তব্য করেছেন, “পাত্র রকস, পাত্রী শকড!”

তবে এটিই প্রথম নয়। কয়েক মাস আগে গুজরাটের নভসারি এলাকায় আরও এক পাত্র বুলডোজারে চেপে নিজের বিয়েতে পৌঁছনোর পর সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা হয়েছিল। ওই বুলডোজারটিও ফুল দিয়ে সাজানো হয়েছিল এবং পিছনে ব্যান্ড পার্টি সহযোগে বরযাত্রীরা ছিলেন। এই ধরনের অভিনব প্রবেশ বর্তমান প্রজন্মের মধ্যে বেশ জনপ্রিয়তা লাভ করছে।