বড় খবর! 🚨 IPL ২০২৬-এর আগে LSG-তে নতুন দায়িত্বে কেন উইলিয়ামসন! এই ভূমিকায় দেখা যাবে কিউই তারকাকে

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) ২০২৬ মরশুমের আগে এক বড়সড় পদক্ষেপ নিল লখনউ সুপার জায়ান্টস (LSG)। নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার কেন উইলিয়ামসনকে (Kane Williamson) ফ্র্যাঞ্চাইজিটি তাদের ‘স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার’ (Strategic Advisor) হিসেবে দলে যুক্ত করেছে।
যদিও কেন উইলিয়ামসন এখনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেননি, তবুও তাঁকে আগামী আইপিএল মরসুমে খেলোয়াড় হিসেবে নয়, বরং পর্দার আড়ালে ফ্র্যাঞ্চাইজির কৌশলগত দিকগুলি নিয়ে কাজ করতে দেখা যাবে।
সঞ্জীব গোয়েঙ্কার ঘোষণা
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, লখনউ সুপার জায়ান্টস ফ্র্যাঞ্চাইজির সহ-মালিক সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka) তাঁর ‘X’ হ্যান্ডেলের মাধ্যমে এই ঘোষণাটি আনুষ্ঠানিকভাবে জানান।
গোয়েঙ্কা উইলিয়ামসনকে স্বাগত জানিয়ে বলেন, “কেন সুপার জায়ান্টস পরিবারের একজন সদস্য। লখনউ সুপার জায়ান্টসের স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার হিসেবে তাঁকে নতুন ভূমিকায় স্বাগত জানাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। তাঁর নেতৃত্ব, কৌশলগত অন্তর্দৃষ্টি, খেলার গভীর জ্ঞান এবং খেলোয়াড়দের অনুপ্রাণিত করার ক্ষমতা তাঁকে দলের জন্য এক অমূল্য সংযোজন করে তুলবে।”
LSG-এর ‘সুপার জায়ান্টস’ কানেকশন
উল্ল্যেখ্য, কেন উইলিয়ামসনের সঙ্গে ‘সুপার জায়ান্টস’ পরিবারের সম্পর্ক নতুন নয়। দক্ষিণ আফ্রিকার প্রিমিয়ার গ্লোবাল টি২০ লিগ SA20-তে তিনি ডারবানের সুপার জায়ান্টস (Durban’s Super Giants)-এর প্রতিনিধিত্ব করেন। গত মরসুমে ডারবান-ভিত্তিক এই দলের হয়ে তিনি ৪৬.৬০ গড় এবং দুটি অর্ধশতরানসহ ২৩৩ রান করে প্রভাবিত করেছিলেন।
ঋষভ পন্থের পাশে কেন
আইপিএল ২০২৫ মরসুমে লখনউ সুপার জায়ান্টস তাদের সেরা পারফরম্যান্স দেখাতে পারেনি (১৪ ম্যাচে ৬ জয় নিয়ে সপ্তম স্থানে শেষ করে)। ফলে আগামী মরসুমে একটি শক্তিশালী প্রত্যাবর্তন আশা করছে দলটি।
সম্প্রতি ফ্র্যাঞ্চাইজিটি তাদের মেন্টর জহির খান-এর (Zaheer Khan) সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। এই অবস্থায়, ঋষভ পন্থের (Rishabh Pant) নেতৃত্বাধীন দলটির জন্য কেন উইলিয়ামসনের কৌশলগত পরামর্শ এবং শান্ত নেতৃত্ব বিশেষ সহায়ক হবে বলে মনে করছে টিম ম্যানেজমেন্ট। ঋষভ পন্থ এবং উইলিয়ামসন একসাথে দলের ভাগ্য পরিবর্তনে কতটা সফল হন, সেটাই এখন দেখার বিষয়।