‘গরম টিনের ছাদে বিড়ালের মতো, ঘুসি মারতে উদ্যত’! ক্যাপ্টেন কোহলি সম্পর্কে বিস্ফোরক তথ্য ফাঁস করলেন রবি শাস্ত্রী

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী, বিরাট কোহলি (Virat Kohli)-র নেতৃত্ব দেওয়ার ধরন এবং বাইশ গজের মানসিকতা নিয়ে একের পর এক বিস্ফোরক তথ্য ফাঁস করেছেন। শাস্ত্রী-কোহলি জুটি ২০১৯ সালের বিশ্বকাপ জিততে না পারলেও, তাঁদের এই সংমিশ্রণ একসময় ভারতীয় ক্রিকেটে সাড়া ফেলে দিয়েছিল।

কোহলির আগ্রাসী মনোভাব নিয়ে রবি শাস্ত্রী জানান, উইকেট পড়লে কোহলির আচরণ কেমন হত:

“মাঝে মাঝে, বিরাটকে শান্ত করতে হত আমাকে। উইকেট পড়ে গেলে, বিরাট আসন থেকে লাফিয়ে উঠে পড়ত। আমি বলতাম, শান্ত হও। অন্তত অর্ধেক পথ অতিক্রম হতে দাও। স্টাম্প থেকে মাত্র ১০ গজ দূরে থাকাকালীন ওর সঙ্গে দেখা করতে যেও না। বাউন্ডারি লাইনের কাছে এলে তবেই ওকে অতিক্রম করো। কোহলি ছিল গরম টিনের ছাদে বিড়ালের মতো, ঘুসি মারতে সবসময়ে উদ্যত। এটাই বিরাট।”

বাইশ গজে রান নেওয়ার সময় কোনও ব্যাটারের আলস্য কোহলি একদমই পছন্দ করতেন না বলে জানান শাস্ত্রী। রানিং বিটুইন দ্য উইকেট যদি ভালো না হতো, তবে সংশ্লিষ্ট ব্যাটারকে কড়া বার্তা দিতেন কোহলি।

শাস্ত্রী বলেন, “যদি দ্বিতীয় রানের জন্য কোহলি উদ্যোগী হত এবং উল্টোদিকের ব্যাটার যদি হাঁপাতে থাকত এবং তৃতীয় রানের সময়ে যদি দেখত দ্বিতীয় রান শেষ করতে পারেনি উল্টোদিকের ব্যাটার, তাহলে সঙ্গে সঙ্গে বার্তা আসবে, জিমে যাও নিজেকে ফিট করে খেলতে এসো।”

ভারতের অস্ট্রেলিয়া সফর রবিবার থেকে শুরু হচ্ছে। এই সফরের আগে প্রাক্তন অফ স্পিনার হরভজন সিং ভবিষ্যদ্বাণী করেছেন যে, তিনটি ওয়ানডের মধ্যে দুটিতে সেঞ্চুরি হাঁকাবেন কোহলি।

হরভজন কোহলির ফিটনেসের ভূয়সী প্রশংসা করে বলেন, “বিরাটের ফিটনেস নিয়ে দয়া করে কোনও প্রশ্ন করবেন না। ফিটনেসের দিক থেকে ও এখনও গুরু। বর্তমানে যারা খেলছে তাদের থেকেও হয়তো বিরাট বেশি ফিট। এখনকার ক্রিকেটে তর্কাতীতভাবে কোহলি সবথেকে ফিট খেলোয়াড়। অস্ট্রেলিয়ার কন্ডিশনে বিরাটকে আগেও রানের পর রান করতে দেখেছি। আশা রাখি এবারও অস্ট্রেলিয়ায় ও একই ভাবে রান করবে।”

ভাজ্জির সংযোজন, “পরিস্থিতি যখন কঠিন, তখন এই সব প্লেয়ার জ্বলে ওঠে। নিজেদের সেরাটা দেয়। বিরাট কোহলি সেই রকমই ধরনের খেলোয়াড়। বড় মঞ্চে কোহলি জ্বলে ওঠে। আর এটাই কোহলিকে বাকিদের থেকে আলাদা করে দেবে। বড় সুযোগের অপেক্ষায় থাকে কোহলি… ওই সব ম্যাচেই কোহলি দেখিয়ে দেয় ও বিরাট ব্যাপার।”