বাস-লরির রেষারেষিতে মর্মান্তিক দুর্ঘটনা, বাঁকড়া বাজারে সাইকেল আরোহীর মৃত্যু! গণপিটুনির শিকার বাস চালক

বাস ও লরির বেপরোয়া রেষারেষির কারণে ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকল বাঁকড়া বাজার। আজ সকালে রেষারেষি করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মিনিবাস ধাক্কা মারে এক সাইকেল আরোহীকে। এই দুর্ঘটনায় বাঁকড়ার বাসিন্দা সৌমেন চক্রবর্তী নামের ওই সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, বাঁকড়া পার্কসার্কাস রুটের একটি মিনিবাস বাঁকড়া থেকে যাওয়ার পথে একটি লরিকে ওভারটেক করার চেষ্টা করে। বাসটি দ্রুত গতিতে থাকায় চালক নিয়ন্ত্রণ রাখতে পারেননি। আর এর ফলেই সাইকেল আরোহী সৌমেন চক্রবর্তীকে সজোরে ধাক্কা মারে বাসটি।

গুরুতর আহত অবস্থায় সৌমেনবাবুকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই খবর ছড়িয়ে পড়তেই বাঁকড়া বাজারে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।

ক্ষুব্ধ জনতা এরপর ঘাতক বাসটির চালককে ধরে মারধর শুরু করে। পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বাঁকড়া ফাঁড়ির পুলিশ। উত্তেজিত জনতার হাত থেকে কোনোক্রমে বাস চালককে উদ্ধার করে পুলিশ।

ইতিমধ্যে ঘাতক মিনিবাস ও রেষারেষিতে যুক্ত লরিটিকে আটক করা হয়েছে। পুলিশ বাস চালক ও লরির চালক দুজনকেই আটক করেছে। কীভাবে রেষারেষি করতে গিয়ে এই মর্মান্তিক ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।