দেওয়ালির আগেই ‘পটাখা’ ফাটালেন রাহুল! মোদী-ট্রাম্পের গোপন চুক্তি ফাঁস? রাশিয়া থেকে কি তেল কেনা বন্ধ করছে ভারত?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক চাঞ্চল্যকর দাবি ঘিরে ভারতে রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। ট্রাম্প বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে আশ্বাস দিয়েছেন যে ভারত আর রাশিয়া থেকে অশোধিত তেল (Russian Crude Oil) কিনবে না। মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্যের পরই লোকসভার বিরোধী দলনেতা (LoP) রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (PM Narendra Modi) নিশানা করে এক মারাত্মক আক্রমণ শানিয়েছেন।
এদিন সকালে কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রীকে বিঁধে বলেন, “আসলে প্রধানমন্ত্রী ট্রাম্পকে ভয় পান। সেই ভয়েই তিনি রিপাবলিকান নেতাকে এমন আশ্বাস দিয়েছেন।” তাঁর কথায়, ট্রাম্পের এই দাবি ভারতের বিদেশনীতিতে আমেরিকার ক্রমবর্ধমান চাপ এবং মোদীর সেই চাপে নতিস্বীকার করার প্রমাণ।
হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “ভারত যে রাশিয়ার কাছ থেকে তেল কিনছে, সে বিষয়ে আমি খুশি ছিলাম না। আজ মোদী আমাকে আশ্বাস দিয়েছেন, তারা আর রাশিয়া থেকে তেল কিনবে না। এটা একটি বড় পদক্ষেপ।” তিনি আরও যোগ করেন, এখন তাঁদের লক্ষ্য চিনকেও একই পথে নিয়ে আসা। ট্রাম্প মোদীকে তাঁর ‘বন্ধু’ বলেও বর্ণনা করেন এবং বলেন, তাঁদের সম্পর্ক অটুট।
তবে নয়াদিল্লির পক্ষ থেকে ট্রাম্পের এই দাবি নিয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। এর মধ্যেই সুযোগ বুঝে রাহুল গান্ধী সোশ্যাল মিডিয়ায় একাধিক অভিযোগ তুলে মোদীর বিরুদ্ধে কড়া ভাষায় তোপ দেগেছেন।
রাহুল গান্ধীর অভিযোগ, মোদী বারবার ট্রাম্পের “ধমকানি, তির্যক কথা ও টিপ্পনি” শোনার পরেও লাগাতার তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে চলেছেন। তাঁর মতে, প্রধানমন্ত্রীর এই আচরণ দুর্বলতার লক্ষণ। লোকসভার বিরোধী দলনেতা ৫টি পয়েন্টে মোদী সরকারের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এনেছেন:
১. রাশিয়া থেকে ভারত তেল কেনা বন্ধ করবে, এই সিদ্ধান্তটি ঘোষণা করার সুযোগ ট্রাম্পকে দেওয়া হয়েছে। ২. বারবার অপদস্থ হওয়ার পরেও একাধিক শুভেচ্ছাবার্তা পাঠানো হয়েছে। ৩. আমেরিকায় কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সফর বাতিল করা হয়েছে। ৪. মিশরের শর্ম এল-শেখের আন্তর্জাতিক সম্মেলন এড়িয়ে গিয়েছেন মোদী। ৫. অপারেশন সিঁদুর নিয়ে ট্রাম্পের কথার কোনও প্রতি জবাব দেওয়া হয়নি।
রাহুল গান্ধী আরও দাবি করেন, মোদী “ট্রাম্পের রাগ ও হুমকির মুখে মাথা হেঁট করে” রাশিয়া থেকে তেল না কেনার আশ্বাস দিয়ে দেশের সম্মানের সঙ্গে আপস করেছেন। তিনি মোদীকে একজন দুর্বল প্রধানমন্ত্রী হিসাবে আখ্যা দিয়েছেন।
অন্যদিকে কংগ্রেস দলের তরফেও প্রধানমন্ত্রী মোদীকে আক্রমণ করে বলা হয়েছে, রাশিয়া ভারতের দীর্ঘদিনের শরিক দেশ। ব্যক্তিগত বন্ধুত্বের সম্পর্ক টিকিয়ে রাখতে বিজেপি সরকার যেন দেশের সম্পর্ককে নষ্ট না করে এবং দেশের সম্মানের সঙ্গে যেন আপস না করা হয়।