‘সালিশি সভার নামে চলল তৃণমূল নেতার দাদাগিরি’! তলোয়ার দিয়ে মারের ঘটনায় বিস্ফোরক শুভেন্দু অধিকারী

সালিশি সভার নামে এক ব্যক্তিকে তলোয়ার দিয়ে মারধরের অভিযোগে তৃণমূল কংগ্রেস (TMC)-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূল-শাসনকালে রাজ্যের একাধিক জায়গায় ‘নেতাদের দাদাগিরি’ চলছে বলে অভিযোগ তুললেন তিনি।
বুধবার ‘এক্স’ (সাবেক টুইটার)-এ তিনি লেখেন, “আবারও পশ্চিমবঙ্গে ‘ক্যাঙ্গারু কোর্ট’/ সালিশি সভার নামে চলল তৃণমূল নেতার দাদাগিরি।” তিনি অভিযোগ করেন, বর্ধমান পুরসভার ২৬ নং ওয়ার্ডে এক তৃণমূল নেতা কালো শেখের হাতে বেধড়ক মারধোরের শিকার হয়েছেন অমিত রায় নামক এক স্থানীয় বাসিন্দা।
ঘটনার একটি ভিডিও পোস্ট করে শুভেন্দু অধিকারী আরও লেখেন, “ভিডিওতে দেখা যাচ্ছে মার খাওয়া অমিত রায় প্রাণ বাঁচাতে মরিয়া ভাবে অনুনয় বিনয় করছেন, তবু মার থামছে না। বড় তলোয়ার নিয়ে তাঁকে মারা হচ্ছে।” এরপরেই তিনি তোপ দেগেছেন যে, রাজ্যে আইনের শাসন বিলুপ্ত, তার পরিবর্তে তৃণমূলের শাসন অব্যাহত।
শুভেন্দু অধিকারী শুধু বর্ধমানের ঘটনাই নয়, উত্তর দিনাজপুর, বিষ্ণুপুর, মালদহের হরিশ্চন্দ্রপুরেও শাসকদলের ‘দাদাদের’ ত্রাস এবং মারধোরের ঘটনার উল্লেখ করেন।
উত্তর দিনাজপুর: “তৃণমূল কংগ্রেসের রত্ন তাজিলুল ইসলাম ওরফে জেসিবি”-র হাতে প্রকাশ্যে এক মহিলাকে ব্যভিচারের অভিযোগে মারধোরের ঘটনা।
রাজারহাট বিষ্ণুপুর: বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এক যুবককে বেধড়ক মারধোর।
মালদহের হরিশ্চন্দ্রপুর: বিধায়ক তাজমুল হোসেনের ঘনিষ্ঠ শাসকদলের নেতা জিয়াউল হক সালিশি সভার নামে পুলিশকর্মীকে মার খাইয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
বিজেপির এই নেতা কটাক্ষ ছুঁড়ে বলেন, “এরকম চলতে থাকলে ব্রিটিশ ও মোগল শাসনের বর্বরতাকেও তৃণমূল কংগ্রেস হার মানাবে।” এদিন বর্ধমানের ঘটনায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।