‘বেআইনি সিম কার্ডে নাম জড়িয়েছে, গ্রেফতার করব’! ২৫ লক্ষ টাকার প্রতারণা চক্রের পর্দা ফাঁস উত্তর ২৪ পরগনায়

পঁচিশ লক্ষ টাকা! এক বৃদ্ধা সেই বিপুল অঙ্কের টাকাই ব্যাঙ্ক থেকে তুলে অন্য অ্যাকাউন্টে ফেলার পরিকল্পনা করছিলেন। কিন্তু তাঁর আচরণেই সন্দেহ হয় ব্যাঙ্ক কর্মীর। তিনি তৎক্ষণাৎ সাইবার ক্রাইম থানায় খবর দিলে বড়সড় প্রতারণার হাত থেকে রক্ষা পান ওই বৃদ্ধা। ঘটনাটি উত্তর ২৪ পরগনার গোবরডাঙা থানা এলাকার।
মঙ্গলবার গোবরডাঙার একটি ব্যাঙ্কে বছর বাহাত্তরের ভারতী নন্দি নামে ওই বৃদ্ধা ২৫ লক্ষ টাকা তুলে অন্য একটি অ্যাকাউন্টে পাঠাতে যান। এই লেনদেনেই সন্দেহ হয় এক ব্যাঙ্ক কর্মীর। কারণ, কিছুদিন আগেই গোবরডাঙা থানার ভারপ্রাপ্ত আধিকারিক পিঙ্কি ঘোষ ব্যাঙ্কের ম্যানেজার ও কর্মীদের নিয়ে একটি সমন্বয় মিটিং করেছিলেন। সেখানে এই ধরনের সন্দেহজনক লেনদেন বা ফোন কলের বিষয়ে পুলিশকে খবর দিতে বলা হয়েছিল। সেই নির্দেশ মেনেই ওই ব্যাঙ্ক কর্মী দ্রুত পুলিশকে খবর দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, চলতি মাসের ১৩ তারিখ বৃদ্ধার কাছে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। ফোনের অন্য প্রান্ত থেকে নিজেদের ‘দিল্লি সাইবার পুলিশ’ পরিচয় দিয়ে বৃদ্ধাকে বলা হয়—তাঁর নামে একটি সিম কার্ড রয়েছে, যেটি বেআইনি কাজে লিপ্ত। এরপর তাঁকে গ্রেফতার করার ভয় দেখানো হয়।
গ্রেফতারির হাত থেকে বাঁচতে বৃদ্ধা ভয় পেয়ে যান এবং তাঁদের কথামতো ২৫ লক্ষ টাকা দিতে রাজি হয়ে যান। ইতিমধ্যেই তিনি ২ লক্ষ টাকা প্রতারকদের দিয়েছেন। বাদবাকি ২৩ লক্ষ টাকা পাঠানোর আগেই ব্যাঙ্ক কর্মীর সন্দেহ হওয়ায় বিষয়টি পুলিশের নজরে আসে।
গোবরডাঙা থানা ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্ক করে বলা হয়েছে, এই ধরনের অচেনা ফোন কল থেকে বিরত থাকা ভালো।