‘নিয়ম বোঝাতে বসবেন না’! KBC-তে অমিতাভ বচ্চনকে চরম বেয়াদপি, শিশুটির ভাইরাল আচরণ নিয়ে কী বললেন সাইকিয়াট্রিস্ট?

জনপ্রিয় কুইজ শো ‘কৌন বানেগা ক্রোড়পতি’ (KBC)-তে অংশগ্রহণকারী পঞ্চম শ্রেণির শিশু ঈশিত ভট্টের আচরণ নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় উঠেছে। অনেকেই তার ঔদ্ধত্যপূর্ণ আচরণের জন্য ‘পাকা বাচ্চা’ বা ‘অতিরিক্ত স্মার্ট বাচ্চা’ বলে মন্তব্য করেছেন।
শোয়ের শুরুতে অমিতাভ বচ্চনকে ‘সম্মান না দিয়েই’ ঈশিত বলেছিল, “আমি সব নিয়ম জানি। তাই আমাকে এখন নিয়ম বোঝাতে বসবেন না যেন।” এখানেই শেষ নয়, এর পর তাকে প্রশ্নের পর বলতে শোনা যায়, “আরে, অপশন দাও!” এছাড়াও একাধিকবার নিজের মতো করে ঔদ্ধত্বের পরিচয় দেয় সে। আর এই আচরণ দেখেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা।
এমন চর্চাবহুল সময়ে বাচ্চাটির মানসিক পরিস্থিতি সম্পর্কে জানতে বাংলার বিশিষ্ট সাইকিয়াট্রিস্ট ডাঃ দেবাঞ্জন পানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গুরুত্বপূর্ণ মন্তব্য করেন।
ডাঃ পান বলেন, “বাচ্চাটির মধ্যে ওভারকনফিডেন্স (অতিরিক্ত আত্মবিশ্বাস) স্পষ্টতই লক্ষ্য হচ্ছে। সে প্রশ্ন শোনার আগেই উত্তর দিয়ে দিচ্ছে। আর এটা একটা বিশেষ মানসিক পরিস্থিতির দিকে ইঙ্গিত করে। এর পিছনে থাকতে পারে আচরণগত সমস্যা (Behavioral issues)। পাশাপাশি অতিরিক্ত আত্মবিশ্বাস এবং ঔদ্ধত্বও আছে ওর মধ্যে। আর এই সব কিছু মিলিয়েই বাচ্চাটির অমিতাভ বচ্চনের মতো একজন লেজেন্ডের সামনে বসে এই আচরণ লক্ষ্য করা গিয়েছে।”
তবে তিনি এ-ও স্পষ্ট করে দেন, এভাবে টিভিতে দেখেই কারও রোগ নিয়ে কথা বলা ঠিক নয়, কারণ এমন আচরণের পিছনে হাজার কারণ থাকতে পারে।
এই প্রসঙ্গে ডাঃ পান অভিভাবকের ভূমিকার ওপর জোর দিয়ে বলেন, “বড়দের সম্মান করার বিষয়টা আমরা পরিবারের কাছে শিখি। তবে বর্তমানে নিউক্লিয়ার পরিবারে এই সম্মান দেওয়ার কৌশলটা শেখানোর লোক নেই। তাই বাচ্চারা সম্মান করতে শিখছে না। বড়দের সামনে ঔদ্ধত্বপূর্ণ আচরণ করছে।”
তাঁর পরামর্শ, বাবা-মায়েদের এই বিষয়টার দিকে নজর দিতে হবে। বাচ্চাকে শেখাতে হবে বড়দের কীভাবে সম্মান করতে হয়। নিজেরাও বিনয়ী হতে হবে, যাতে বাচ্চার মধ্যে সুঅভ্যাস তৈরি হয়।
ডাঃ পান এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় চলা ট্রোলিং দ্রুত বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, এই বালকের বয়স অনেক কম। এই ট্রোলিং-এর প্রভাব বাচ্চাটির মনের উপর দীর্ঘস্থায়ী ছাপ ফেলতে পারে। সে সারাজীবনের মতো এই ক্ষত পুষে রাখতে পারে, যা একেবারেই কাম্য নয়।