‘১৫ দিনের বেশি সময় দেওয়া যাবে না’! রাসমেলা নিয়ে পুরসভার দাবি মানলেন না জেলাশাসক, শুরু বিতর্ক

এ বারেও রাসমেলার সময়সীমা বাড়ানোর জন্য কোচবিহার পুরসভার দাবি মানল না জেলা প্রশাসন। মেলা মাত্র ১৫ দিনেরই হচ্ছে বলে সাফ জানিয়ে দিয়েছেন জেলাশাসক অরবিন্দকুমার মিনা। প্রশাসনের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছেন পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ-সহ অন্যান্য কাউন্সিলাররা।

মঙ্গলবার কোচবিহার ল্যান্সডাউন হলে ২১৩তম রাসমেলা নিয়ে প্রশাসনের পক্ষ থেকে একটি বৈঠক করা হয়। যদিও এই বৈঠকে দমকল, পূর্ত, স্বাস্থ্য, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম, বিদ্যুৎ-সহ বিভিন্ন দপ্তরের একাধিক আধিকারিক অনুপস্থিত থাকায় জেলাশাসক ক্ষোভ প্রকাশ করেন এবং পরিস্থিতি দেখে নিজে ফোন করে কয়েকজন আধিকারিককে ডেকে নেন।

পুরসভার দাবি নাকচ:

বৈঠকে মেলা ২০ দিনের করার দাবি এবং মেলা ভাঙতে চার দিন সময় চাওয়ার বিষয়টি তুলে ধরেন পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। তাঁকে সমর্থন করেন অন্য কাউন্সিলাররাও। চেয়ারম্যান বলেন, “বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছিল ২০ দিনের মেলা হবে। এ দিনের বৈঠকে সেই সিদ্ধান্তের কথাই জানানো হয়েছিল জেলা প্রশাসনকে।”

কিন্তু জেলাশাসক সেই দাবি নাকচ করে দিয়ে বলেন, “সমস্ত পরিকল্পনা এবং করণীয় কাজ নিয়ে আলোচনা হয়েছে। রাসমেলা এ বারও ১৫ দিনেরই হবে।”

পুর প্রতিনিধি চন্দনা মহন্ত অভিযোগ করেন, “২০ দিনের মেলা করার বিষয়টি তুলে ধরার সময়ে আমার বক্তব্য শোনা হয়নি। মাঝপথেই বসিয়ে দেওয়া হয়। ফলে দাবি পেশই করা যায়নি।” কাউন্সিলার অভিজিৎ মজুমদার, উজ্জ্বল তর, শুভ্রাংশু সাহার মতো অন্য পুর প্রতিনিধিরাও অভিযোগ করেন, “এত বড় ঐতিহ্যবাহী মেলা মাত্র ১৫ দিনের জন্য করা হচ্ছে। মেলার পরিচালনার দায়িত্ব পুরসভার থাকলেও আমাদের কোনও কথাই শোনা হলো না।”

মেলা পরিচালন নিয়ে পুরসভা ও জেলা প্রশাসনের এই মতবিরোধ নতুন বিতর্কের জন্ম দিয়েছে।