দীপাবলির আগে সরকারি কোষাগারে ১০২২ কোটি টাকা খরচ! কোন কোন কর্মীর অ্যাকাউন্টে ঢুকবে বোনাসের টাকা?

আর হাতেগোনা কয়েকটা দিন পরেই আলোর উৎসব দীপাবলি। এই উৎসবকে ঘিরে যখন সকলের মধ্যে এক আলাদা উত্তেজনা কাজ করছে, ঠিক তখনই রাজ্যের সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। তিনি রাজ্যের ১৪.৮২ লক্ষ নন-গেজেটেড কর্মীর জন্য বোনাস (UP Bonus) দেওয়ার ঘোষণা করেছেন।
৬,৯০৮ টাকা করে বোনাস ঘোষণা
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য রাজ্যের ১৪.৮২ লক্ষ নন-গেজেটেড রাজ্য কর্মচারীর জন্য বোনাস ঘোষণা করেছেন। এই বোনাস ৩০ দিনের বেতনের সমতুল্য হবে, যা সর্বোচ্চ ৭,০০০ টাকা মাসিক বেতন সীমার উপর ভিত্তি করে গণনা করা হবে। এর ফলে প্রতিটি কর্মচারী বোনাস হিসেবে ৬,৯০৮ টাকা পাবেন।
মঙ্গলবার মুখ্যমন্ত্রীর ঘোষণার পর, অর্থ বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব দীপক কুমার বোনাস প্রদান সংক্রান্ত একটি সরকারি নির্দেশিকাও জারি করেছেন।
বুধবার যোগী আদিত্যনাথ নিজের এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) লেখেন, “দীপাবলির পবিত্র উৎসবের আগে রাজ্যের ১৪.৮২ সরকারি কর্মচারীদের বোনাস প্রদান করা হবে। বেতন ম্যাট্রিক্স লেভেল-8 পর্যন্ত কর্মীদের ৩০ দিনের উপস্থিতির ভিত্তিতে প্রতি কর্মচারী ৬৯০৮ টাকা পর্যন্ত বোনাস পাবেন। কর্মচারীদের নিষ্ঠা, পরিশ্রম এবং অবদানের প্রতি উত্তরপ্রদেশ সরকারের এটি একটি উপহার। আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা!”
কারা লাভবান হবেন?
এই বোনাসটি সেই সমস্ত পূর্ণকালীন নন-গেজেটেড কর্মচারীদের জন্য প্রযোজ্য হবে, যাদের পদগুলি পে ম্যাট্রিক্স লেভেল-৮ (৪৭,৬০০- ১,৫১,১০০ টাকা) এবং যাদের গ্রেড পে ৪,৮০০ টাকা পর্যন্ত। এর মধ্যে রয়েছেন পূর্ণকালীন নন-গেজেটেড রাজ্য কর্মচারী, সরকারি বিভাগের ইনচার্জ এবং দৈনিক মজুরির কর্মচারী, রাজ্য তহবিল, স্থানীয় সংস্থা এবং জেলা পঞ্চায়েতের সহায়তায় পরিচালিত শিক্ষা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীরা।
বোনাস দেওয়ার পদ্ধতি
ঘোষণা অনুযায়ী, বোনাসের ৭৫ শতাংশ কর্মচারীর ভবিষ্য তহবিল অ্যাকাউন্টে (Provident Fund Account) জমা করা হবে এবং বাকি ২৫ শতাংশ নগদ অর্থে প্রদান করা হবে। যেসব কর্মচারীর ভবিষ্য তহবিল অ্যাকাউন্ট নেই, তাদের ৭৫ শতাংশ এনএসসি (NSC) হিসেবে দেওয়া হবে অথবা তাদের পিপিএফ (PPF) অ্যাকাউন্টে জমা করা হবে।
যেসকল কর্মচারী ৩১ মার্চ, ২০২৫ সালের পরে অবসর নিয়েছেন অথবা ৩০ এপ্রিল, ২০২৬ সালের মধ্যে অবসর গ্রহণ করবেন, তারা সম্পূর্ণ বোনাসের পরিমাণ নগদ পাবেন। তবে, ২০২৪-২৫ সালে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা বা ফৌজদারি অভিযোগের সম্মুখীন হওয়া কর্মচারীরা এই বোনাস পাবেন না।
এই বোনাস প্রদানের জন্য সরকারি কোষাগারে ১,০২২.৭৫ কোটি টাকা খরচ হবে।