গানে সুর মেলাতেন মানুষের সঙ্গে! এবার ‘মিথিলার মেয়ে’ মৈথিলী ঠাকুর কেন গেলেন বিজেপিতে? মুখ খুললেন গায়িকা

বিহারে রাজনীতির ময়দানে বড়সড় চমক! জনপ্রিয় লোকসঙ্গীত এবং ভক্তিমূলক গানের গায়িকা মৈথিলী ঠাকুর আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-তে। দলীয় পতাকা হাতে নিয়ে তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের উন্নয়নমূলক কাজ তাঁকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে।

বিজেপিতে যোগদানের পর মৈথিলী ঠাকুর স্পষ্ট জানিয়ে দেন, রাজনীতি তাঁর মূল উদ্দেশ্য নয়, বরং জনসেবাই তাঁর লক্ষ্য। তিনি বলেন, “আমি রাজনীতির জন্য নয়, জনসেবার উদ্দেশ্যেই এখানে এসেছি। দল যা আদেশ দেবে, তাই করব।”

মিথিলা অঞ্চলের প্রতি নিজের দায়বদ্ধতা প্রকাশ করে এই জনপ্রিয় গায়িকা আরও যোগ করেন, “আমি মিথিলার মেয়ে, আমার আত্মা মিথিলায় বাস করে। তাঁদের (প্রধানমন্ত্রী মোদী ও মুখ্যমন্ত্রী নীতীশ কুমার) আদর্শ প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে চাই।”

মৈথিলী ঠাকুরের এই রাজনৈতিক প্রবেশ বিহারের লোকসংস্কৃতি এবং জনমানসে তাঁর বিপুল জনপ্রিয়তার কারণে বিজেপির পক্ষে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।